Monday, April 1, 2013

পাইকগাছায় হরতাল সমর্থনে বিএনপি ও ছাত্র শিবিরের মিছিল

পাইকগাছায় শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদ ও মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল সমর্থনে বিএনপি ও শিবিরের উদ্যোগে পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার পৌনে ৫ টায় শিবিরের উদ্যোগে লোনা পানি কেন্দ্রের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্ত্বরে গিয়ে শেষ হয়।

অপরদিকে ৬টায় থানা বিএনপি’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল পৌর বাজার হতে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইকগাছা কলেজ চত্ত্বরে গিয়ে শেষ হয়।


পাইকগাছায় গুচ্ছ গ্রামের দলিল হস্তান্তর

খুলনা-৬ আসনের সংসদ সদস্য এ্যাড. সোহরাব আলী সানা বলেছেন, "স্বাধীনতার পূর্ণতা তখনই পাবে, যখন দেশে দারিদ্রতা থাকবে না। এ লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন সামাজিক প্রকল্পে বিশেষ বরাদ্দের মাধ্যমে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষার মত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করছে।" গুচ্ছগ্রাম বর্তমান সরকারের অগ্রাধিকার একটি প্রকল্প উল্লেখ করে তিনি বলেন এ প্রকল্পের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের ছিন্নমুল মানুষের মাথা গোজার ঠাই করে দিয়েছে।

তিনি সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কাটাবুনিয়া গুচ্ছ গ্রামের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকতা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আলহাজ্ব মুনসুর আলী গাজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মলঙ্গী, প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান। অনুষ্ঠানে প্রত্যেককে ১৩ শতাংশ করে ৪০ জনকে জমির দলিল হস্তান্তর করা হয়।


পাইকগাছায় খ্রীষ্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে পালিত

পাইকগাছায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যতার মধ্য দিয়ে খ্রীষ্টান ধর্মালম্বীদের ইস্টার সানডে পালিত হয়েছে। রোববার সকালে উপজেলা সদরস্থ ক্যাথলিক মিশনে পাইকগাছা-কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি মাষ্টার আন্দ্রিয় ডি রোজারিও এর সভাপতিত্বে ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার সেরজো, ফাদার বাবুল, জুয়েল।

অপরদিকে সোমবার দুপুরে মিশন চত্ত্বরে মার্টিন, সেবাষ্টিন, সুনিতা ও ভেরুনিকার পিতা ও মাতৃদেবী বিদেহী আত্মার শান্তি কামনায় শ্রদ্ধার্ঘ্য কার্যাদি সম্মন্ন করা হয়েছে।