Saturday, April 6, 2013

সাপ্তাহিক ছুটি দু’দিনই থাকছে

সাপ্তাহিক ছুটি আবার একদিন করার চিন্তাভাবনা থেকে সরে এসেছে সরকার। ছুটি একদিন করার প্রস্তাবে সায় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনানুষ্ঠানিক প্রস্তাবটি সরকারের উচ্চপর্যায়ের সাড়া না পেলেও সিদ্ধান্ত হয় যে, প্রয়োজনে সপ্তাহান্তে কাজ করে হরতালের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। দু’দিনের ছুটিতে অভ্যস্ততার বিষয়টিও বিবেচনায় নেয়া হয় ছুটি কমানোর উদ্যোগ নাকচ করতে।

ছুটি কমানো হলে শনিবার দিনও বিরোধী হরতাল দিতে পারে-এই বিবেচনাটিও কাজ করেছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়। হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটি কমানোর প্রস্তাব করে সার সংক্ষেপ পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

পাইকগাছায় ছাত্র-যুব সংগ্রাম পরিষদের বিক্ষোভ মিছিল

জামায়াত শিবির এর রাজনীতি নিষিদ্ধ ও ভিন্ন ভিন্ন নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি এর প্রতিবাদে ছাত্র-যুব সংগ্রাম পরিষদ শুক্রবার সন্ধ্যা ৬ টায় পাইকগাছায় বিক্ষোভ মিছিল করে। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এক পথাসভার মাধ্যমে শেষ হয়।


Friday, April 5, 2013

পাইকগাছায় অঘোষিত পরিবহন ধর্মঘট

পাইকগাছায় হেফাজতে ইসলাম নামের কোন সংগঠন বা সংগঠনের কোন কমিটি না থাকলেও শুক্রবার সকাল থেকে অঘোষিত পরিবহন ধর্মঘটের ফলে লংমার্চে যাত্রাকালে ফেরৎ এসেছে ১৫ সমর্থক। তবে দু’একজন সমর্থক ভিন্ন পথে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকরেছেন বলে বিভিন্ন সুত্রে জানা যায়।

সুত্রমতে, দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলাম নামে সংগঠনের কার্যক্রম পরিলক্ষিত হলেও এখনও পর্যন্ত জেলার সুন্দরবন সংলগ্ন এ উপজেলায় সংগঠনটির কোন কার্যক্রম কিংবা কোন কমিটি রয়েছে বলে জানাযায়নি। কিছু কিছু সমর্থক থাকলেও এখনও পর্যন্ত হেফাজতে ইসলামের কোন কমিটি গঠিত হয়নি বলে পৌর ইমাম পরিষদের সেক্রেটারী মাওঃ সোলাইমান হোসাইন নোমানী জানান। একই অভিমত দিয়েছেন স্থানীয় গোয়েন্দা সুত্র। এদিকে শনিবার হেফাজতে ইসলামের লংমার্চে যোগদানের উদ্দেশ্যে পাইকগাছা-কয়রার বিভিন্ন স্থানের হেফাজতে ইসলামের ১৫ সমর্থক শুক্রবার সকালে ঈগল পরিবহনযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে কপিলমুনি পর্যন্ত পৌছানোর আগেই ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকল পরিবহন অঘোষিত পরিবহন ধর্মঘট থাকার ফলে যাত্রা স্থগিত করে। এ ব্যাপারে স্থানীয় পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও ঈগল পরিবহনের ম্যানেজার বাবুল হাসান জানান ফেরী পারাপার অনিশ্চিত হওয়ায় শুক্রবারের সকালের সিডিউল বাতিল করা হয়েছে। ফলে পরিবহন চলাচল না করার কারনে ১৫ সমর্থককে ফেরৎ আসতে হয়েছে বলে কমলাপুর মাদ্রাসার মুহতারিম আলহাজ্ব মাওঃ আকবর হোসাইন জানান। তবে ভিন্নপথে দু’একজন সমর্থক ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছেন বলে আলহাজ্ব মাওঃ সোলাইমান হোসাইন নোমানী জানান।