Wednesday, May 1, 2013

পাইকগাছায় হেফাজতের কমিটি বিলুপ্ত

অবশেষে কমিটি গঠনের ২০ দিন পর বিলুপ্ত ঘোষনা করা হল হেফাজত ইসলামের নবগঠিত পাইকগাছা উপজেলা কমিটি। উল্লেখ্য গত ১১ এপ্রিল মাওঃ সোলায়মান হুসাইন নোমনীকে আমির ও মাওঃ আমিনুর রহমান সিরাজীকে সেক্রেটারী করে উপজেলা হেফাজতে ইসলামের কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার কমিটির আমির ও সেক্রেটারী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় সংগঠনের জেলা আমির মাওঃ মুফতী মুসতাক আহমেদ এর নির্দেশক্রমে ১১ এপ্রিল কমিটি গঠন করা হয় এবং কমিটির নেতৃত্বে খুলনায় মহাসম্মেলনসহ সকল কার্যক্রম সফলভাবে পালন করে আসছে। কমিটির এ কার্যক্রমে ঈষান্বিত হয়ে একটি মহল কমিটির নেতৃবৃন্দ সম্পর্কে জেলা কমিটির নিকট বিভ্রান্তিকর অভিযোগ করা হয়। বিষয়টি জেলা কমিটির নেতৃবৃন্দ নিষ্পত্তি না করায় ক্ষোভ এবং অভিমানে বর্তমান কমিটির সকলেই একমত পোষন করে কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে এবং ১ মে থেকে হেফাজত ইসলামের সকল কার্যক্রম বন্ধের ঘোষনা দিয়েছে।

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত

পাইকগাছায় বিনামুল্যে দিনব্যাপী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে সিএসআই ও দৃষ্টিদান চক্ষু হাসপাতাল যৌথভাবে দিনব্যাপী এ চক্ষু শিবিরের আয়োজন করে। সকাল ৯ টা হতে দুপুর ১টা পর্যন্ত কয়েকশ রোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে শুধুমাত্র ছানি পড়া রোগীদের অপারেশনের জন্য বাগেরহাটে নিয়ে যাওয়া হয়। কর্মসূচী পরিচালনা করেন দৃষ্টিদান চক্ষু হাসপাতালের এমডি আফাজ হোসেন, সিএসআই প্রতিনিধি ব্রান্ডন কহেন, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম হান্নান, ফিল্ড অর্গানাইজার মোঃ খোকন, হুমায়ুন কবির, আব্দুল মতিন, নার্স বাসন্তি বিশ্বাস ও সহকারী মেডিকেল মোঃ আালিমুজ্জামান।


মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পাইকগাছায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে। উল্লেখ্য গত ২৮ এপ্রিল লস্কর গ্রামের আছরোপ সরদারের পুত্র অহেদ, সবেদ সরদারের পুত্র আলমগীর হোসেন, জাহাঙ্গীর সরদার ও ঈমান আলী সরদারের পুত্র লুৎফর সরদার, মোজাম আলী সরদারসহ তাদের লোকজন একই এলাকার মৃত জহির উদ্দিনের পুত্র মুক্তিযোদ্ধা এরফান আলীর পরিবারের উপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদে এলাকার শত শত নারী পুরুষ মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিল শেষে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার কাাজী আতিয়ুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, নিজেরা করি’র সাইফুল ইসলামসহ শত শত এলাকাবাসী।