Friday, May 3, 2013

শুক্রবার থেকে খুলনাসহ ১৮ রুটে পরিবহন ধর্মঘট

খুলনাসহ ১৮ রুটে শুক্রবার ভোর থেকে অনির্দ্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা। সড়ক-মহাসড়কে অবৈধ নসিমন, করিমন, আলমসাধু ও শ্যালো ইঞ্জিন যানবাহন বন্ধের দাবিতে ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১টায় খুলনাস্থ রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল হক লিপন বিষয়টি নিশ্চিত করেছেন।


এ সময় তিনি বলেন, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, মাদারিপুর, গোপালগঞ্জসহ দক্ষিণাঞ্চলের চারটি বাস মালিক সমিতি ও চারটি শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসব অবৈধ যানবাহনের কারণে একদিকে যেমন সড়ক দুর্ঘটনা বাড়ছে, অন্যদিকে এ অঞ্চলের পরিবহন মালিকরা ক্ষতির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, এসব যানচলাচল বন্ধে এ অঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকরা দীর্ঘদিন ধরে সাংগঠনিকভাবে প্রতিবাদ ও আন্দোলন করে যাচ্ছেন।কিন্তু প্রশাসন তথা সরকারের অস্পষ্ট অবস্থানের কারণে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এদিকে ধর্মঘট সফল করতে রূপসা বাসস্ট্যান্ডসহ খুলনা-ঢাকা মহাসড়কে মাইকিং করতে দেখা গেছে।

Thursday, May 2, 2013

কপিলমুনিতে স্কুল ছাত্রী অপহরনের অভিযোগে মামলা

কপিলমুনিতে এক স্কুল ছাত্রী (১৭) অপহরনের ঘটনা ঘটেছে। সে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে তালা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে ঘটনার দীর্ঘ দু’সপ্তাহ অতিবাহিত হলেও অপহরনের শিকার স্কুল ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, তালা থানার কানাইদিয়া গ্রামের শেখ শহিদুল ইসলামের কন্যা ও কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী (১৭) প্রতিদিনের ন্যায় গত ২১ এপ্রিল স্কুল থেকে বাড়ি ফিরছিল। পতিমধ্যে কপিলমুনি-কানাইদিয়া ব্রিজ সংলগ্ন জায়গায় পৌছালে পুর্ব পরিকল্পনানুযায়ী একই এলাকার নজরুল শেখের পুত্র মিরাজুলের নের্তৃত্বে লোকজন তার গতিরোধ করে গায়ের ওড়না দিয়ে মুখ বেঁধে মটর সাইকেল যোগে অপহরন করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনার পর প্রত্যাক্ষদর্শীদের মাধ্যমে জানতে পেরে প্রথমে খোঁজাখুঁজির এক পর্যায় মিরাজুলকে প্রধান আসামী করে অভিযুক্তদের বিরুদ্ধে ভিকটিম কন্যার পিতা শেখ শহিদুল ইসলাম বাদী হয়ে তালা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নং ২২, তাং-২৮/০৩/১৩ ইং।

এদিকে ঘটনার দু’সপ্তাহ অতিবাহিত হলেও কোন আসামী আটক হয়নি।

কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

শ্রমীকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সারা দেশের ন্যায় খুলনার কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় উৎযাপিত হলো মহান মে দিবস। কপিলমুনি হ্যান্ডলিং শ্রমীক ইউনিয়নের উদ্যোগে দিবসটি পালনে গ্রহন করা হয় বিভিন্ন কর্মসুচি। দিনের কর্মসুচি অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় কালোব্যাজ ধারণ ও বর্ণাঢ্য র‌্যালী। এরপর বিকেলে স্থানীয় ধান্য চত্ত্বরে আলোচনা সভায় দুলাল পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান।