Tuesday, May 28, 2013

আজ পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস

নানা আয়োজনে মঙ্গলবার পালিত হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। মা ও শিশুমৃত্যু রোধ এবং তাদের স্বল্প ও দীর্ঘমেয়াদি অসুস্থতার বিষয়ে সবাইকে সচেতন করার পাশাপাশি এসব সমস্যা প্রতিরোধ করার প্রত্যয়ে শুরু হয়েছিল ‘নিরাপদ মাতৃত্ব দিবস’। যার মূল উদ্দেশ্য নিরাপদ মাতৃত্বকে নারীর অধিকার হিসেবে প্রতিষ্ঠা করে মা ও নবজাতকের মৃত্যুহার কমিয়ে আনা। এ বছরের দিসবটির প্রতিপাদ্য বিষয় ‘প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃমৃত্যু রোধ করুন’। মাতৃস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও মাতৃমৃত্যু রোধকল্পে ১৯৯৭ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর ২৮ মে নিরাপদ মাতৃত্ব দিবস পালনের ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায়, এ বছরও যথাযোগ্য মর্যাদায় নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হচ্ছে।


বুধবার সারাদেশে ১৮ দলের সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ২৯ মে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ১৮ দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন ১ উপজেলা ৫ থানা ও ২ পৌরসভা

নাটোর জেলার সদর উপজেলার নলডাঙ্গা থানাকে উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা এবং ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা সদরে পৌরসভা প্রতিষ্ঠার অনুমোদনসহ পাঁচটি থানার অনুমোদন দিয়েছে নিকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি নিকারের ১০৮তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে নিকারের বৈঠক শেষে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বলেন, “নিকারের ১০৮তম সভায় নাটোর জেলার সদর উপজেলাধীন নলডাঙ্গা থানাকে উপজেলায় উন্নিত করা হয়েছে। নতুন এই উপজেলায় একটি পৌরসভা, পাঁচটি ইউনিয়ন রয়েছে। এর আয়তন ১৭৬.০২ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা রয়েছে এক লাখ ২৯ হাজার ৩০৪ জন।”

তিনি জানান, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন কাজির হাট পুলিশ তদন্ত কেন্দ্রকে ও পাবনা জেলার বেড়া থানাধীন আমিনপুর তদন্ত কেন্দ্রকে থানায় উন্নিত করা হয়েছে।

এছাড়া খুলনা মহানগরে নতুন তিনটি থানা করা হয়েছে যা ‘লবন চোরা থানা’ এর আয়তন ১৭.১১ বর্গকিলোমিটার, জনসংখ্যা হবে তিন লাখ। ‘আড়ং ঘাটা থানা’ এর আয়তন ১৮.১৩ বর্গকিলোমিটার, জনসংখ্যা হবে আড়াই লাখ।

এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি থানা স্থাপন করা হবে যার নাম এখনো নির্ধারণ করা হয়নি।