Wednesday, June 5, 2013

প্রাথমিক সমাপনী পরীক্ষা ২০ নভেম্বর থেকে

এ বছরের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০শে নভেম্বর থেকে। সবকিছু ঠিক থাকলে পরীক্ষা শেষ হবে ২৮শে নভেম্বর।

বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন এ পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন। তিনি জানান, বুধবার এ পরীক্ষা সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি ঠিক করা হয়েছে।

মন্ত্রী জানান, এ দুই পরীক্ষায় সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩০ লাখ। এ বছর প্রাথমিকের পরীক্ষার্থী ২৬ লাখ ৪৯ হাজার ২৬৫। আর ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় সম্ভাব্য পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২০ হাজার ৪৫৫।

শহীদ এম.এ গফুরের শাহাদাৎ বার্ষিকী কাল

আগামীকাল বৃহস্পতিবার পাইকগাছার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এম.এন.এ শহীদ এম.এ গফুরের শাহাদাৎ বার্ষিকী। এ উপলক্ষ্যে পাইকগাছা শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ ও জন্মস্থান কয়রার হরিনগর শহীদ এম,এ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পৃথকভাবে কোরআন খতম, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করেছে। 

উল্লেখ্য, শহীদ এম.এ গফুর ১৯২৫ সালের ৬ মে কয়রা উপজেলার আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধুর সহোচর, ভাষা আন্দোলনের খুলনা জেলা কমিটির আহবায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পাইকগাছা, কয়রা, আশাশুনির সাবেক এম.এন.এ। তিনি ১৯৭২ সালের ৬ জুন আততীয়দের গুলিতে শহীদ হন।

বিশ্ব পরিবেশ দিবস আজ

বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ুর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশের মতো বিশ্বের উন্নয়নশীল দেশগুলো। এমন পরিস্থিতির মধ্য দিয়ে বিশ্ব জুড়ে পালিত হচ্ছে পরিবেশ দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

পরিবেশ ও বন মন্ত্রণালয় দিবসটি পালনে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘ভেবে-চিন্তে খাই-অপচয় কমাই’। বিশ্বব্যাপী খাদ্যের অপচয় ও বিনষ্টি কমাতে সচেতনতা তৈরির অংশ হিসেবে এবারের স্লোগানটি ঠিক করা হয়েছে। পরিবেশ দিবস উপলক্ষে দেওয়া বাণীতে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, ‘আমরা বর্তমানে এক প্রাচুর্যের পৃথিবীতে বাস করছি, যেখানে মানুষের চাহিদার তুলনায় খাদ্য উৎপাদন বেশি হচ্ছে। কিন্তু এখনো বিশ্বের ৮৭ কোটি মানুষ অপুষ্টির শিকার। অপচয়ের কারণে বর্তমানে বিশ্বে উৎপাদিত খাদ্যের এক-তৃতীয়াংশ খাবারের টেবিলে পৌঁছায় না।