Friday, June 14, 2013

পাইকগাছায় নিহত গৃহবধুর পরিবার কর্তৃক স্বামীর বাড়ীতে লুটপাট

পাইকগাছায় নিহত গৃহবধুর পরিবার কর্তৃক হত্যা মামলার আসামী (স্বামীর) বাড়ীতে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে গত ৪ দিনেও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক করেনি। এলাকায় পুলিশ আতংক বিরাজ করছে।

জানাযায়, গত মঙ্গলবার উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামের একটি চিংড়ী ঘেরের পাশ থেকে ভাসমান অবস্থায় পুলিশ পাতড়াবুনিয়া গ্রামের হাশেম আলী গাইনের দ্বিতীয় স্ত্রী কহিনুরকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আজমল হোসেন বাদী হয়ে স্বামীসহ একাধিক ব্যক্তিকে আসামী করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এদিকে মামলার পর হতে হাশেম আলীর পরিবারের লোকজন পলাতক থাকার সুযোগে নিহত গৃহবধুর শান্তা গ্রামের পরিবারের লোকজন গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাশেম আলীর বাড়ী হতে নসিমন, সোলার, চিংড়ী ঘেরের মাছ লুটপাট করেছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে শান্তা গ্রামের লোকজন একটি নসিমন নিয়ে গেছে বলে ইউপি সদস্য আব্বাস মোল্যা জানান।

লুটপাটের ঘটনার আংশিক স্বীকার করে (ওসি তদন্ত) ওমর ফারুক বলেন-চিংড়ী ঘেরের মাছ লুটপাটের খবর শুনেছি, তবে অন্য কোন মালামাল লুট করেছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি। এছাড়াও অচিরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন সম্ভব বলে তিনি জানান।

আজ চে গুয়েভারা'র ৮৫ তম জন্মদিন

মানুষের মুক্তির চিরন্তন চেতনার নাম এর্নেস্তো চে গুয়েভারা। তিনি সারা পৃথিবীতে বেঁচে আছেন আদর্শ ও সংগ্রামের প্রতীক হয়ে। শাসনে-শোষণে পিষ্ট পৃথিবী তাঁর ভেতরে জাগিয়ে দিয়েছিল মানুষের প্রতি তীব্র ভালোবাসা। লাতিন আমেরিকার সাধারণ মানুষের দারিদ্র্যলাঞ্ছিত জীবন তাঁকে টেনেছিল সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এক আপসহীন লড়াইয়ের পথে।

সে পথে হেঁটে যেতে যেতে বারবার তিনি উচ্চারণ করেছেন মহাকাব্যিক জীবনের জয়গান— ‘আস্তা লা ভিকতোরিয়া সিয়েম্প্রে’; যার মানে ‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো’।

তাঁর জন্মদিনে Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাঁকে।


মোবাইল নম্বর ঠিক রেখে বদলানো যাবে অপারেটর

চাইলেই মোবাইল নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করা যায় বিশ্বের বিভিন্ন দেশে। ফলে কোনো অপারেটরের সেবার মান ভালো না লাগলে নম্বরের কোনো পরিবর্তন না করেই অন্য অপারেটরের সেবা নেয়া যায়। এই সেবাকে বলে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি সিস্টেম (এমএনপিএস)।

বাংলাদেশে এই সেবাটি চালুর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে নম্বর পরিবর্তনের যন্ত্রণা থেকে বাঁচতে ভালো নেটওয়ার্ক, গ্রাহকসেবা ও সুলভ মূল্যের সেবা পেতে যে কোনো গ্রাহক চাইলেই অপরেটর পরিবর্তন করা যাবে। এর ফলে উন্নত সেবা দিয়ে গ্রাহক ধরে রাখতে মোবাইল অপারেটরদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে বলে মনে করছে বিটিআরসি।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের পরিচালক রাকিবুল হাসান স্বাক্ষরিত নির্দেশনা অনুসারে, মোবাইল অপারেটরদের আগামী তিন মাসের মধ্যে এমএনপিএস সেবা চালুর জন্য প্রস্তুতি নিতে হবে। সাত মাস পরে গ্রাহক পর্যায়ে এ সেবা প্রদান শুরু করতে নির্দেশনা দিয়েছে কমিশন।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক আবেদন করেলেই তিন কর্মদিবসের মধ্যে এ সেবা দিতে অপারেটরগুলো বাধ্য থাকবে। এজন্য সর্বোচ্চ ৫০ টাকা চার্জ নিতে পারবে তারা। তবে একবার অপারেটর পরিবর্তনের ৪৫ দিনের মধ্যে পুনরায় অপারেটর বদল করা যাবে না।