Wednesday, June 19, 2013

পাইকগাছায় বাইনতলা স্লুইচ গেট ও ওয়াপদার ভেঁড়িবাঁধে ফাটল

পাইকগাছায় বাইনতলা স্লুইচ গেটের ওয়াপদার ভেঁড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। ইতোমধ্যে বাঁধের কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় যেকোন মুহুর্তে বাঁধ ধসে দু’উপজেলার বিস্তির্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংকা দেখা দিয়েছে।

সরেজমিন ও এলাকাবাসী সুত্রে জানাযায়, উপজেলার লস্কর ইউনিয়নের ২২ নং পোল্ডারের ৬০ এর দশকে নির্মানাধীন সরকারি স্লুইচ গেটের ওয়াপদার ভেঁড়িবাঁধে গত কয়েকমাস পূর্বে ফাটল দেখা দিয়েছে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকাবাসী মেরামতের চেষ্ঠা করলেও ইতোমধ্যে বাঁধের বেশ কিছুটা অংশ নদীগর্ভে বিলীন হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ বাঁধটি যেকোন মুহুর্তে ধসে গিয়ে উপজেলার লস্করের আলমতলা, খড়িয়া, চাঁদখালী, গড়ইখালীর সুড়িখালী, বাইনবাড়ী, কুমখালী, পার্শ্ববতী কয়রা উপজেলার হড্ডা, হাতিয়ারডাঙ্গা, আমাদী, চান্নিরচকসহ দু’উপজেলার বি¯তৃর্ন এলাকা প্লাবিত হয়ে শত শত চিংড়ী ঘের কোটি কোটি টাকার মাছ, হাজার হাজার হেক্টর কৃষি জমির ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন জানান। অবিলম্বে বাঁধটি মেরামতের দাবী জানিয়েছে এলাকাবাসী।

এ ব্যাপারে মুঠোফোনে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শহীদুল্লাহ মজুমদারের সাথে যোগাযোগ করার চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।

পাইকগাছায় ডিগ্রী পরীক্ষায় দু’কলেজের সাফল্য

পাইকগাছায় ডিগ্রী পাশ পরীক্ষার সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে ঐতিহ্যবাহি পাইকগাছা কলেজ ও ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ী পাইকগাছা কলেজের পাশের হার ৭৮.৮৮% ও ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের ৭৭%।

সুত্রমতে, ২০১১ সালের ডিগ্রী পাশ পরীক্ষায় পাইকগাছা কলেজ হতে ১৬১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে যার মধ্যে ছাত্র ১১৫ ও ছাত্রী ৪৬ জন। অংশগ্রহনকারীদের মধ্যে উর্ত্তীর্ণ হয়েছে ১২৭ জন, ৮৮ ছাত্র ও ৩৯ ছাত্রী, ১ম বিভাগ ৭, দ্বিতীয় বিভাগ ৯৯ ও ৩য় বিভাগ ২১ জন।

অপরদিকে ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয় হতে ১০২ পরীক্ষার্থীর মধ্যে উর্ত্তীর্ণ হয়েছে ৭৬ ছাত্রী। যার মধ্যে ১ম বিভাগ ১৫, ২য় বিভাগ ৫৭ ও ৩য় বিভাগে ৪ শিক্ষার্থী। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের ঐকান্তিক প্রচেষ্টায় সাফল্যের ধারাবহিকতা ধরে রাখা সম্ভব হয়েছে বলে অধ্যক্ষ্য রবিউল ইসলাম ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানান।

আবারো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান সাকিব

পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে আবারো ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর তালিকায় সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলে-ব্যাটে ক্রমাগত বাজে পারফরম্যান্সের কারণে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নেমে গেছেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

৩৮৭ পয়েন্ট নিয়ে ওডিআই অলরাউন্ডার তালিকায় শীর্ষে অবস্থান করছেন তারকা ক্রিকেটার সাকিব। ৩৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মোহাম্মদ হাফিজ। তৃতীয় অবস্থানে ৩৭২ পয়েন্ট নিয়ে শেন ওয়াটসন।

উল্লেখ্য, এপ্রিল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলার পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি সাকিব। মে মাসে ইল্যান্ডের কাউন্টি খেলার জন্য ইল্যান্ডে অবস্থান করছেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত ক্রিকেটার।