Friday, September 13, 2013

পাইকগাছায় ই.এন.ও. কার্যালয়ে অটো টেম্পু শ্রমিকদের অবস্থান কর্মসূচী

পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়ে পাইকগাছা-কপিলমুনি রুটে অবিলম্বে অটো টেম্পু ও অটো রিক্সা চলাচলের দাবী জানিয়েছে ভূক্তভোগী শ্রমিকরা। প্রায় ঘণ্টা খানেক সময় অবস্থান নেয়ার পর প্রশাসনের আশ্বস্তের প্রেক্ষিতে কর্মসূচী প্রত্যাহার করা হয়।

জানা যায়, গত প্রায় দু’সপ্তাহ ধরে বাসশ্রমিকদের নিষেধাজ্ঞার ফলে পাইকগাছা-কপিলমুনি রুটে অটো টেম্পু ও অটো রিক্সা চলাচল বন্ধ রয়েছে। এ সময়কালে ভূক্তভোগী অটো টেম্পু শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। না পারছে পরিবারের আহার যোগাতে, না পারছে গাড়ীর টাকার কিস্তি পরিশোধ করতে।

ইতোমধ্যে ভূক্তভোগী শ্রমিকরা সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করলেও বিষয়টি সুরাহা না হওয়ায় সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে শত শত অটো টেম্পু শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিলে বিপাকে পড়েন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুল হাকিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমান, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম আশ্বস্ত করলে ভূক্তভোগী শ্রমিকরা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

বিরাজমান এ সমস্যাটি নিয়ে বাস ও অটো টেম্পু শ্রমিকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। সমস্যাটি দ্রুত সমাধান না হলে যে কোন মুহুর্তে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।

পাইকগাছায় বিকাশের ভুয়া এসএমএস-এ টাকা উত্তোলনকালে আটক ১

পাইকগাছায় ভুয়া এসএমএস’র মাধ্যমে বিকাশ কেন্দ্র থেকে টাকা উত্তোলনের সময় সুজিত মন্ডল নামে এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরণের কাজ করে আসছে।

জানা যায়, উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক গ্রামের অটল মন্ডলের পুত্র সুজিত মন্ডল (৪১) বোয়ালিয়াস্থ ব্লুস্টার হ্যাচারীতে কর্মচারী হিসেবে কর্মরত রয়েছে। ঘটনার দিন, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একই এলাকার (প্রতিবেশী ভাই) বিমল মন্ডলের পুত্র প্রভাত ওরফে কিনা ঢাকা থেকে সুজিতকে ফোন করে বিকাশ কেন্দ্র থেকে ১৬ হাজার টাকা উত্তোলনের কথা বলে।

পরবর্তীতে সে উপজেলা সদরস্থ হক মার্কেটের সহিল এন্টারপ্রাইজ (বিকাশ কেন্দ্র) পৌছালে ঢাকা থেকে প্রভাত নামের ঐ ভাই ০১৮৪২-২২২১২১ নম্বর থেকে সহিল এন্টারপ্রাইজের ব্যক্তিগত বিকাশ নম্বরে ১৬ হাজার টাকার এসএমএস পাঠায়। পরে টাকা উত্তোলনের সময় এসএমএসটি ভুয়া প্রমাণিত হওয়ায় স্থানীয় জনতা সুজিতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে এসএমএস-এ ১৬ হাজার টাকা থাকলেও ব্যালেন্সে কোন টাকা যোগ হয়নি বলে এন্টারপ্রাইজের নাজমুল হোসেন জানান।

ইতোপূর্বে কেশবপুরের এক ব্যক্তি এভাবেই ১০ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখাপর্যন্ত আটক সুজিত থানা হেফাজতে ছিল।

পাইকগাছায় আবারো ব্যবসায়ী নেতার মটরসাইকেল চুরি

পাইকগাছায় আবারো মটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ইউপি চেয়ারম্যান পুত্রের পর এবার ব্যবসায়ী সংগঠনের নেতার মটরসাইকেলটি চুরি হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম তার ব্যবহৃত ১০০ সিসি ডিসকভার মটরসাইকেলটি কপোতাক্ষ মার্কেট চত্ত্বরে রেখে মার্কেটের উপরে সমিতির কাজ করার সময় নিচে রাখা মটরসাইকেলটি চুরাই সিন্ডিকেটের লোকেরা চুরি করে পালিয়ে যায়।

সাম্প্রতিক সময়ে একাধিক চুরির ঘটনা ঘটনায় উপজেলা সদরে সর্বত্রই এখন মটরসাইকেল চুরি আতংক বিরাজ করছে।