Saturday, November 2, 2013

৪ নভেম্বর (সোম থেকে বুধ) থেকে ১৮ দলের ৬০ ঘণ্টার হরতাল

নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ৪ নভেম্বর সোমবার সকাল ছয়টা থেকে ৬ তারিখ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৬০ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।

আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ১৮ দলীয় জোটের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেডসহ জরুরি সেবার কাজে নিয়োজিত গাড়ি ও দেশে ফেরা হাজিদের বহনকারী গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা করা হয়।

কর্মসূচি ঘোষণা শেষে সাংবাদিকেরা মির্জা ফখরুলের কাছে জানতে চান, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেসএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকবে কি না।

জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলেছি, কী কী হরতালের আওতামুক্ত থাকবে। কোনো সংশোধনী থাকলে পরে আমরা তা জানাব।

▣ শুভ দীপাবলী ▣

আলোক এই উৎসব অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালার দিন। নিজের ভেতরের বাহিরের সকল অজ্ঞতা ও তমঃকে দীপ শিখায় বিদূরিত করার দিন। প্রেম-প্রীতি-ভালবাসার চিরন্তন শিখা প্রজ্বলিত করার দিন। 


দেশ থেকে দেশে, অঞ্চল থেকে অঞ্চলে- এই দিনের মাহাত্ম্য ভিন্ন ভিন্ন; তবু মূল কথা এক। আর আধ্যাত্মিকতার গভীর দর্শনে এই দিন- আত্মাকে প্রজ্বলিত করে পরিশুদ্ধ করে সেই পরমব্রহ্মে লীন হওয়ার দিন।

‘‘ঘরে ঘরে ডাক পাঠালো
দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো
সাজাও আলোয় ধরিত্রীরে।’’

—রবীন্দ্রনাথ ঠাকুর

Friday, November 1, 2013

পাইকগাছায় মেম্বরসহ ৪ জামায়াত, শিবির নেতা আটক

পাইকগাছায় পুলিশের উপর হামলার ঘটনায় ইউপি মেম্বরসহ জামায়াত শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে থানাপুলিশ জানিয়েছে।

থানাপুলিশ সুত্রে জানা যায়, শুক্রবার দুপুর দেড়টার দিকে থানার এসআই হারুন অভিযান চালিয়ে উপজেলার গদাইপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বর ও হিতামপুর গ্রামের মৃত মীর হায়দার আলীর পুত্র জামায়াত নেতা মীর আনোয়ার এলাহী (৬৩) কে নিজ বাড়ী থেকে এবং বৃহস্পতিবার গভীর রাতে লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মৃত আনার আলীর পুত্র জামায়াত নেতা জিনারুল ইসলাম (৫০), আনোয়ার আলীর পুত্র শিবির নেতা সরদার শাহীনুর (৪২) এবং গফফার মোল্যার পুত্র নজরুল ইসলাম (২৫) কে আটক করেন।

ওসি এম মসিউর রহমান জানান, আটককৃতদের মধ্যে মেম্বর আনোয়ার এলাহী সম্প্রতি বাঁকা এলাকায় পুলিশের উপর হামলা ও পুলিশের ব্যবহৃত গাড়ী ভাংচুর মামলার এজাহারভূক্ত আসামী। তাকে গ্রেফতার এবং বাকীদের সন্নিধ্য আসামী হিসাবে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।