Sunday, November 3, 2013

পাইকগাছায় আলমসাধু ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাইকগাছায় ইঞ্জিনচালিত (আলমসাধু) ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে সংঘর্ষে গুরুত্বর আহত মটরসাইকেল চালক বাবু মোড়ল (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পাইতলী গ্রামের শাহাদাৎ মোড়লের পুত্র বাবু মোড়ল ঘটনার দিন মটরসাইকেলযোগে পাইকগাছা আসার পথে উপজেলার রাড়ুলীর শ্রীকণ্ঠপুর গাজী হ্যাচারীর সামনে পৌছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল জানান।

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা; মৃত্যু নিয়ে নানা গুঞ্জন

পাইকগাছায় এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। শনিবার রাত ১২ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে হাসপাতাল সুত্র জানিয়েছে।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে নিহতের পরিবার জানালেও মৃত্যু নিয়ে নানান গুঞ্জন চলছে বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানা পুলিশ ও এলাকাবাসীসুত্রে জানা যায়, উপজেলার গজালিয়া গ্রামের প্রশান্ত মন্ডল গত ৫ মাস পূর্বে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করে লস্কর ইউনিয়নের খড়িয়া লেবুবুনিয়ারচক এলাকার তপন সরদারের কন্যা চন্দনা (১৮) কে। বিয়ের বছর না পুরতেই ঘটনার দিন শনিবার রাত ৯টার দিকে নিজবসতবাড়ীতে স্ত্রী চন্দনা বিষপান করে। রাত ১০ টার দিকে চন্দনা মৃত্যুযন্ত্রনায় ছটফট করলে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে তার মৃত্যুহয় বলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার জানান।

এ ব্যাপারে থানার এসআই সিরাজুল ইসলাম জানান, ঘটনাস্থল (হাসপাতাল) পরিদর্শন করা হয়েছে। তবে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় এ ঘটনায় কোন মামলা হয়নি বলে তিনি জানান।

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
 
এতে মোট আট হাজার ৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় অংশগ্রহন করেন মোট ৭১ হাজার ১৩ জন। পাশের হার ১১.৪%। আবেদনকারী ছিলেন ৮৬ হাজার ৫১ জন। অনুপস্থিত/বাতিল/স্থগিত পরীক্ষার্থীর সংখ্যা ১৫ হাজার ৩৮ জন। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮৬টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রোববার দুপুর সাড়ে ১২টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন।

ঢাবির ওয়েবসাইটে (www.admission.eis.du.ac.bd) পরীক্ষার্থীরা নিজ নিজ একাউন্টে লগইন করে ফলাফল জানতে পারবেন। এছাড়াও এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

এক্ষেত্রে DU>GHA>ROLL লিখে পাঠিয়ে দিতে হবে ১৬৩২১ নম্বরে। ফিরতি এসএমএসে এ ফলাফল পাওয়া যাবে।

উল্লেখ্য, ৮ নভেম্বর ‘খ’ ইউনিট, ১৫ নভেম্বর ‘গ’ ইউনিট, ২২ নভেম্বর ‘ক’ ইউনিট এবং ২৩ নভেম্বর ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।