Saturday, November 9, 2013

বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল (৮৪ ঘন্টা)

নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি হানার প্রতিবাদে ১২ ঘণ্টা হরতাল বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি। নতুন ঘোষণা অনুযায়ী, কাল রোববার সকাল ছয়টা থেকে শুরু হয়ে আগামী বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত হরতাল চলবে।


আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

বিএনপির যুগ্ম মহাসচিব জানান, নেতাদের গ্রেপ্তার ও বাসায় পুলিশি হানার প্রতিবাদে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে পূর্বঘোষিত টানা ৭২ ঘণ্টার সঙ্গে আরও ১২ ঘণ্টা বাড়িয়ে ৮৪ ঘণ্টা হরতাল করা হয়েছে।

পাইকগাছায় আলহাজ্ব ফসিয়ার রহমানকে গণসংবর্ধনা

পাইকগাছায় একাধিকবার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত শ্রেষ্ঠ সমবায়ী আলহাজ্ব ফসিয়ার রহমানকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। সমবায়ী, ব্যবসায়ী ও পৌরসভার যৌথ উদ্যোগে শনিবার সকাল ১১ টায় পৌর চত্ত্বরে উদযাপন কমিটির আহবায়ক এসএম মোজাম্মেল হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় দপ্তরের যুগ্ম নিবন্ধক সমীর কুমার বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা সমবায় অফিসার মোঃ নূরুজ্জামান, সাবেক এমপি এ্যাড. স.ম বাবর আলী, বাংলাদেশ মানবাধিকার ব্যুরো’র জেলা সভাপতি আলহাজ্ব আব্দুল জব্বার মোল্লা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক সুরাইয়া বানু, অপু মন্ডল, ডাঃ মোঃ শহীদুল্লাহ, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস, এফএম সেলিম আখতার, আলহাজ্ব রইস উদ্দিন, শেখ কামরুল হাসান টিপু।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন শেখ আনিছুর রহমান মুক্ত, এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু, দাউদ শরীফ। অনুষ্ঠানে সমবায় সমিতি, ব্যবসায়ী সমিতি, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আলহাজ্ব ফসিয়ার রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।

হারিয়ে যেতে বসেছে কপোতাক্ষ নদ

মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্রোতস্বিনী কপোতাক্ষ নদ আজ কালের স্রোতে হারিয়ে যেতে বসেছে। দীর্ঘদিন পানি প্রবাহ বন্ধ থাকায় কপোতাক্ষ নদে শেওলা ও কচুরিপানায় ভরে গেছে। চারিদিকে শুধু সবুজ শেওলার সমারোহ।

অবৈধ দখলবাজ ও স্বার্থনেষীদের কারণে আজ হারিয়ে যেতে বসেছে কপোতাক্ষ নদ। প্রতি বছর বর্ষা মৌসুমে নদের দু’ধারের হাজার হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ায় কয়েক লাখ মানুষের জীবন জীবিকা দুর্বিষহ হয়ে পড়ে।

সাতক্ষীরার পাটকেলঘাটার সরুলিয়া, বড়কাশীপুর, সদর কোথাও নদের কোন নিশানা নেই। সরুলিয়া বাজার হতে ইসলামকাঠি বাজার পর্যন্ত কপোতাক্ষ নদের অসংখ্য জায়গায় নেট-পাটা দিয়ে মৎস্য আহরণ করছে স্থানীয় জনসাধারণ। ফলে বাধাগ্রস্ত হচ্ছে পানি প্রবাহ।