Tuesday, November 26, 2013

আন্তর্জাতিক মানের সড়কের বাস্তব অবস্থার চিত্রায়ণ !!!! (৬)

পাইকগাছা-আঠারমাইল সড়কের ৩ কি.মি. রাস্তা ঘেরের পানিতে নিমজ্জিত


খুলনা-পাইকগাছা সড়কের তালার গঙ্গারামপুর থেকে গোনালী হয়ে তালা উত্তরণ অফিস পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা পার্শ্ববর্তী লীজ ঘেরের পানিতে নিমজ্জিত থাকায় যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। স্থানীয় প্রভাবশালীরা তাদের মৎস্য ঘেরের সুবিধার্থে পানি না কমানোই এই দুর্ভোগের কারণ বলে বাস মালিক সমিতি নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।

নেতৃবৃন্দ Voice of Paikgacha'কে বলেন, "সেখানকার জনপ্রতিনিধিরাই তাদের ব্যক্তি স্বার্থে রাস্তার পানি সরাতে প্রতিবন্ধকতার সৃষ্টি করছেন। ভাঙ্গাচোরা রাস্তা পানিতে নিমজ্জিত থাকায় প্রায় দু’মাস যাবৎ ঢাকাগামী পরিবহনগুলো সরাসরি পাইকগাছা না এসে তালা পর্যন্ত চলাচল করছে। ফলে পাইকগাছা-কয়রার যাত্রীরা সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। আর এ অবস্থা চলতে থাকলে খুব শিঘ্রই খুলান-পাইকগাছা যাত্রীবাহী বাস চলাচলও বন্ধ করে দিতে আমরা বাধ্য হব।"

খুলনা-পাইকগাছা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা এই ৩৩ কিলোমিটার রাস্তা যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। যাত্রবাহী বাসসহ সব ধরনের যানবাহন চলাচল করছে সীমাহীন ভোগান্তি ও জানমালের ঝুঁকি নিয়ে।

কয়রা-পাইকগাছা-খুলনা সড়কের এমন দুরবস্থা এক দু’দিন বা দু’এক বছরের নয়। বছরের পর বছর ধরে অবহেলিত অত্র সড়কটি। এতটুকু রাস্তা ভালো নেই যেখানে নিরাপদে বা নির্বিঘ্নে চলাচল করা যায়। পিচ-পাথর (কার্পেটিংসহ) ইটের খোয়া উঠে গিয়ে রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সেসব গর্তে বৃষ্টির পানি জমে পুকুর বা খালে পরিণত হয়েছে। কর্দমাক্ত হয়ে থাকে সারা রাস্তা।

জেলার পাইকগাছা ও কয়রা উপজেলা এবং সাতক্ষীরার তালা উপজেলার সাথে খুলনা তথা সারাদেশের সড়ক যোগাযোগের একমাত্র এই রাস্তাটির গুরুত্ব অপরিসীম। অথচ বিগত কয়েক বছর ধরে জনগুরুত্বপুর্ণ রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। পাইকগাছা-খুলনা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত রাস্তা উঁচু ও টেকসই করে নির্মানের ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপরে হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

ছবিটি পাইকগাছা উপজেলার কাশিমনগর থেকে তোলা। (ফাইল ফটো)

দক্ষিণ-পশ্চিমাঞ্চল রুটে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

খুলনা, যশোর, সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আন্ত:জেলা বাস মালিক সমিতি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় সিইসির তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ১৮ দলের ঝটিকা মিছিল ও খুলনায় বিক্ষিপ্ত ঘটনার পরিপরই এ সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। তবে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।

খুলনা বিভাগের সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম কালের কণ্ঠকে জানান, 'তফসিল ঘোষণার পর শহরে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের ঝটিকা মিছিল ও খুলনায় বিক্ষিপ্ত ঘটনার প্রেক্ষিতে সোমবার রাত থেকে অর্নিদিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় আন্ত:জেলা বাস মালিক সমিতি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।'

কুয়েটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ২০১৩-১৪ইং শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আরবান এন্ড রিজিওনাল প্লানিং (বিইউআরপি) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল ২৫ নভেম্বর সন্ধ্যায় প্রকাশিত হয়েছে।

আগামী ২৮ নভেম্বর ভর্তি পরীক্ষার এই ফলাফল প্রকাশের কথা থাকলেও শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষকগণের নিরলস প্রচেষ্টায় নির্ধারিত সময়ের তিন দিন আগেই এই ফলাফল প্রকাশ করা হলো। বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে www.kuet.ac.bd এই ফলাফল ও ভর্তি সংক্রান্ত অন্যান্য তথ্য পাওয়া যাচ্ছে।