Wednesday, December 11, 2013

পাইকগাছায় বিএনপি জামায়াতের ৯ নেতাকর্মী আটক

পাইকগাছায় পৃথক ঘটনায় বিএনপি জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে নাশকতার আশংকায় দু’জামায়াত নেতা এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করার সময় ৭ পিকেটারকে আটক করা হয় বলে থানা পুলিশ সুত্র জানায়।

জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে জামায়াতের ডাকা ৩য় দিনের হরতাল ও অবরোধ সমর্থনে পিকেটাররা কপিলমুনি সংলগ্ন মুচির পুকুর নামক স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ পিকেটারকে আটক করে।

অপরদিকে নাশকতার আশংকায় একই সময় হরিঢালীর জামায়াত নেতা অদুদ ও গদাইপুরের জামায়াত নেতা এয়াকুব আলীকে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটককৃত ৭ পিকেটারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুই জামায়াত নেতাকে নাশকতার আশংকায় আটক করা হয়েছে।

পাইকগাছায় সড়ক অবরোধ; পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

পাইকগাছায় বুধবার জামায়াত শিবির সমর্থকরা বড় বড় গাছ ফেলে প্রধান সড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় সড়কের উপর ফেলে রাখা গাছ অপসারণ করে। 

এদিকে কাদের মোল্লার রায় কার্যকর করাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ স্থানসমূহে রাতভর মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। এছাড়াও অনেক জামায়াত নেতার বাড়ীতে পুলিশ অভিযান চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, জামায়াত নেতা কাদের মোল্যার রায় কার্যকর করাকে কেন্দ্র করে অবরোধের পঞ্চম দিন জামায়াত শিবির সমর্থকরা বুধবার দিবাগত রাতে পৌর সদরের সরল বাজার, গদাইপুরসহ কয়েকটি স্থানে রাস্তার পাশের বড় বড় গাছ কেটে প্রধান সড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীর সহায়তায় অবরোধ অপসারণ করে।

সন্ধ্যার পর উপজেলা সদরের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। জনশূন্য হয়ে পড়ে গোটা পৌর এলাকা। পরিবহন চত্ত্বর, জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে রাতভর মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন ও নাশকতা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয় বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় নবাগত ইউএনও হিসাবে কবির উদ্দিনের যোগদান

পাইকগাছায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবে যোগদান করেছেন মোঃ কবির উদ্দিন। তিনি বুধবার সকালে যোগদান করেই উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান ও পরিষদের কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।


এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। নবাগত ইউএনও’র গ্রামের বাড়ী ময়নমনসিংহ জেলার গফরগাঁও। উল্লেখ্য এর আগে গত ২৪ সেপ্টেম্বর মোঃ মোমিনুর রশীদ ইউএনও হিসাবে যোগদান করলে কিছুদিনের মধ্যেই তাকে বদলী করা হয়। তারস্থলে অতিরিক্ত দায়িত্ব পালন করেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার শামিম আহসান।