Saturday, January 4, 2014

ভোটাধিকার বঞ্চিত খুলনা-৬ আসনের ৩ লাখ ২৩ হাজার ভোটার

দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও নির্বাচনী উৎসব থেকে বঞ্চিত হলো খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের ৩ লাখ ২৩ হাজার ভোটার। দীর্ধ ৫ বছর অপেক্ষার পর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের এই সুযোগ থেকেও বঞ্চিত জনতা জনার্দন।

ইতোমধ্যে গুরুত্বপূর্ণ এ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আ’লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক। ফলে ৫ জানুয়ারী দেশের বিভিন্ন স্থানে ভোট গ্রহণ হলেও কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকভাবে ভোট হচ্ছে না এ আসনে।

সূত্র মতে, পাইকগাছা উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে গঠিত খুলনা-৬ আসন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী ও নাসির আহম্মেদ জানান, এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ১৫৩ জন। যার মধ্যে পাইকগাছায় ১ লাখ ৮৫ হাজার ৬০৩ এবং কয়রায় ১ লাখ ৩৭ হাজার ৫৫০ জন।

গত বছরের শেষ দিকে নির্বাচন কমিশন দশম জাতীয় সংসদ নির্বাচনে তপশীল ঘোষণা করার পর ১৮ দলীয় জোট নির্বাচন বয়কট করলেও এ আসনে মনোনয়ন জমা দেন আ’লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক ও জাপা মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর। শুরুতেই দু’প্রার্থীর কর্মী সমর্থকরা মেতে উঠেন নির্বাচনী উৎসবে। দু’উপজেলার ১২৭ কেন্দ্রে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন কমিশন।

এদিকে হঠাৎ করে শেষ মুহুর্তে এসে জাপা মনোনীত প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় ভাটা পড়ে নির্বাচন উৎসবে। প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় আনুষ্ঠানিকতা ছাড়াই ৫ জানুয়ারী সম্পন্ন হচ্ছে খুলনা-৬ আসনের জাতীয় নির্বাচন।

Friday, January 3, 2014

আগামী ১৪ জানুয়ারি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)

১৪৩৫ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামী ১৪ জানুয়ারি পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)। জাতীয় চাঁদ দেখা কমিটি এই তথ্য জানিয়েছে।

রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম জানান, পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গিয়েছে। সেই হিসেবে আগামী ১৪ জানুয়ারি পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ)।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন মাসব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে।

অবরোধের সঙ্গে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল

নির্বাচন বর্জনের ডাক দিয়ে ভোট ও তার আগের দিন ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক শুক্রবার বিকালে নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, লাগাতার অবরোধের পাশাপাশি বিরোধীদলীয় নেতাকে তার বাসায় ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদে শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত সারা দেশে ৪৮ ঘণ্টার ‘শান্তিপূর্ণ’ হরতাল চলবে।