Friday, February 7, 2014

চলছে পৌর বাজারের সরকারি জায়গা জবর দখলের প্রতিযোগিতা

পাইকগাছা পৌর বাজারের সরকারি জায়গা জবরদখলের প্রতিযোগিতা চলছে। ইতোমধ্যে অনেকেই অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ব্যবসা, বাণিজ্য, চালিয়ে যাচ্ছে বহাল তবিয়াতে। 

সর্বশেষ শুক্রবার সকালে মাংস মার্কেটের পিছনে অবৈধভাবে জবর দখল করে ঘর নির্মাণ শুরু করেছে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। এসব অবৈধ দখলের পিছনে প্রশাসনের উদাসীনতাকে দায়ি করছেন স্থানীয়রা।

এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ না নিলে খুব দ্রুত সময়ের মধ্যে পৌর বাজারের সরকারি সকল সম্পত্তি দখলদারদের নিয়ন্ত্রণে চলে যাবে বলে প্রকৃত ব্যবসায়ীরা আশংকা করছেন।

সরেজমিন গিয়ে দেখা গেছে, শুক্রবার সকালে পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের লোকজন বাঁশ, খুটি দিয়ে মাংস মার্কেটের পিছনে চরভরাটি সরকারি জায়গার উপর বিশাল আকারের ঘর নির্মাণ শুরু করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাশেম আলী জানান, চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিয়েই সংগঠনের কার্যালয় করার জন্য ঘর নির্মাণ করছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন জানান, এ ধরনের খবর পেয়ে সংশ্লিষ্ট দপ্তরের লোক ঘটনাস্থলে পাঠিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা।

পৌরসভার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে পৃথক ক্রিকেট টূর্ণামেন্ট অনুষ্ঠিত

পাইকগাছা পৌরসভার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পৃথক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাইকগাছা কলেজ মাঠে উপজেলা প্রশাসন ক্রিকেট একাদশ ও পৌরসভা ক্রিকেট একাদশের মধ্যে এবং এর আগে সকালে একই মাঠে পাইকগাছা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ক্রিকেট একাদশ ও টাউন মাধ্যমিক বিদ্যালয় ক্রিকেট একাদশের মধ্যে পৃথক প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পৃথক এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, পৌরসভা প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান, সাবেক অধ্যাপক আজহারুল ইসলাম, প্রভাষক আবু সাবাহ, মোমিন উদ্দীন, আছাবুর রহমান শিমুল, পৌর সচিব তুষার কান্তি দাশ, প্রকৌশলী কামরুল আক্তার, হিসাব রক্ষক উদয় শংকর রায় ও সিদ্ধার্থ মন্ডল।

কপিলমুনিতে ১ সপ্তাহ অতিবাহিত হলেও সন্ধান মেলেনি পিয়াসের

কপিলমুনিতে মেহেদী হাসান পিয়াস নামের ১৪ বছরের এক ছেলে নিখোঁজ হয়েছে। গত ১লা ফেব্রুয়ারী বাড়ী থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। পিয়াস পাইকগাছা উপজেলার উত্তর সলুয়া গ্রামের হাবিবুর রহমানের বড় পুত্র।

এদিকে পিয়াসের অভিভাকরা গত ১ সপ্তাহ ধরে ছেলেকে খুজে ফিরলেও কোথাও তার সন্ধান মেলেনি। পুত্রকে পরিবারের সবাই যেন উদ্বিগ্ন। এক প্রকার বাকরুদ্ধ পিতামাতা ও স্বজনরা।

এ ঘটনায় পাইকগাছা থানায় সাধারণ ডায়রী হয়েছে। যার নং ১৫২/১৩। এদিকে পিয়াসের পিতা হাবিবুর রহমান জানান, অজ্ঞাত স্থান থেকে মুক্তিপণ দাবী করছে অজ্ঞাতরা। ছেলে পিয়াস হাসপাতালে আছে মোবাইলে এমনও খবর মিললেও মিলছেনা তাদের অবস্থান। ফলে পিতা হাবিবুর ও তার পরিবার প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।