Monday, April 7, 2014

কপোতাক্ষ নদ বাঁচাতে কপিলমুনিতে হাট সভা অনুষ্ঠিত

গতকাল বিকেল ৫টায় কপিলমুনি স্মৃতিসৌধ চত্বরে এক হাট সভা অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ নদ বাঁচাতে স্বাভাবিক প্রবাহ সৃষ্টির দাবিতে আয়োজিত হাট সভায় সভাপতিত্ব করেন শেখ মিজানুর রহমান।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে নদী গর্ভে অবৈধ অবকাঠামো উচ্ছেদ করতে হবে। কেননা নদীর ড্রেজিং করা না গেলে কালক্রমে কপোতাক্ষ নদ হারিয়ে যাবে। তাই কপোতাক্ষ নদকে বাঁচাতে এই অবৈধ অবকাঠোমো উচ্ছেদ করে নদের গতিপ্রবাহ স্বাভাবিক রাখার আহবান জানান।

হাট সভায় বক্তৃতা করেন, অধ্যাপক রেজাউল করিম খোকন, অধ্যাপক মুজিবর রহমান, খান মতলেব হোসেন, কিনু পাল, প্রদীপ দাস প্রমুখ।

বাকা উপস্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

রাড়ুলীর বাকা বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আবুল ফজল। বিশেষ অতিথি ছিলেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রাণ কৃষ্ণ দাশ, এসএম নাজির আহমেদ, শেখ হাবিব, আব্দুস সবুর সরদার, সাংবাদিক আহম্মদ আলী বাচা।

ক্যাম্প পরিচালনায় সহযোগিতায় করেন স্বাস্থ্য সহকারী নিখিল চন্দ্র ঘোষ, ব্র্যাক হেলথ প্রজেক্ট ইতি মিস্ত্রী, স্বেচ্ছাসেবী মিস পিয়া ও রাসেল, হেলথ প্রজেক্ট’র মিথুন দাশ, মটর শ্রমিক ইউনিয়নসহ সভাপতি লিটন প্রমুখ।

পাইকগাছায় গৃহবধূর মৃত্যুরহস্য নিয়ে গুঞ্জন

পাইকগাছা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জি,এম বজলুর রহমানের কন্যা শাহানা আক্তার খুশি’র (২৩) মৃত্যুরহস্য নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্বামী মঞ্জুর মোর্শেদ দাবি করলেও তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের পরিবারের সদস্যরা। 

গতকাল রোববার বিকালে ময়না তদন্ত শেষে পিত্রালয় ভিলেজ পাইকগাছা গ্রামে লাশ আনা হয় এবং নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশের দাফন সম্পন্ন হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জি,এম বজলুর রহমানের কন্যা শাহানা আক্তার খুশির ৫ বছর আগে বিয়ে হয় কয়রা উপজেলার মদিনাবাদ গ্রামের আলহাজ্ব সমির উদ্দিন সরদারের পুত্র মঞ্জুর মোর্শেদের সাথে। মঞ্জুর মোর্শেদ স্ত্রী খুশিকে নিয়ে খুলনার বয়রা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মঞ্জুর মোর্শেদের বয়রা বাজার এলাকায় ষ্টেশনারী দোকান রয়েছে।

মঞ্জুর মোর্শেদ বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে দোকানে যায় এবং রাত ১০টার পরে বাসায় ফেরার পথে খুশিকে ফোন করলে রিসিভ হয়নি। বাসায় পৌঁছে দেখে ভেতর থেকে ছিটকিনি দিয়ে দরজা বন্ধ করা। পরে প্রতিবেশিদের সঙ্গে নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে খুশির গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ পাওয়া যায়। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত সম্পন্ন করেছে বলে তিনি জানান।

হতভাগী খুশির বড় ভাই জি,এম মাহবুবুর রহমান মিঠু বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে খুশিকে নির্যাতন করতো মঞ্জুর মোর্শেদ। বিগত দিনে আমাদের কাছ থেকে যৌতুক বাবদ কয়েক লাখ টাকা আদায় করেছে সে। খুশিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।