Monday, April 7, 2014

পাইকগাছায় ৩টি চোরাই মোটরসাইকেল’সহ দুই ব্যক্তি আটক

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেল’সহ দুই ব্যক্তিকে আটক করেছে। আটককৃতদের দেওয়া তথ্য সূত্র ধরে শনিবার এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ মোটরসাইকেল চুরি মামলার আসামি পাইকগাছার শ্রীকণ্ঠপুর গ্রামের ওহাব উদ্দীন জেয়াদারের পুত্র ওবাইদুল্লাহ’কে আটক করে। তার দেওয়া তথ্য সূত্র ধরে শনিবার যশোর জেলার শার্শা থানার মির্জাপুর গ্রামের মৃত আব্দুস সামাদের পুত্র চোরাইকৃত মোটরসাইকেল ক্রেতা-বিক্রেতা আবুল হোসেন’কে (৪৫) আটক করে।

তার স্বীকারোক্তিতে পুলিশ বিভিন্ন স্থান থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে। পাইকগাছা থানার এসআই জালাল উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান জানান, থানা পুলিশ চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধারে তৎপর রয়েছে। আটককৃতদের দেওয়া তথ্যে ৩টি মোটরসাইকেল উদ্ধার হয়েছে এবং অভিযান অব্যহত রয়েছে।

কপোতাক্ষ নদ বাঁচাতে কপিলমুনিতে হাট সভা অনুষ্ঠিত

গতকাল বিকেল ৫টায় কপিলমুনি স্মৃতিসৌধ চত্বরে এক হাট সভা অনুষ্ঠিত হয়। কপোতাক্ষ নদ বাঁচাতে স্বাভাবিক প্রবাহ সৃষ্টির দাবিতে আয়োজিত হাট সভায় সভাপতিত্ব করেন শেখ মিজানুর রহমান।

সভায় বক্তারা বলেন, অবিলম্বে নদী গর্ভে অবৈধ অবকাঠামো উচ্ছেদ করতে হবে। কেননা নদীর ড্রেজিং করা না গেলে কালক্রমে কপোতাক্ষ নদ হারিয়ে যাবে। তাই কপোতাক্ষ নদকে বাঁচাতে এই অবৈধ অবকাঠোমো উচ্ছেদ করে নদের গতিপ্রবাহ স্বাভাবিক রাখার আহবান জানান।

হাট সভায় বক্তৃতা করেন, অধ্যাপক রেজাউল করিম খোকন, অধ্যাপক মুজিবর রহমান, খান মতলেব হোসেন, কিনু পাল, প্রদীপ দাস প্রমুখ।

বাকা উপস্বাস্থ্য কেন্দ্রে ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন পালিত

রাড়ুলীর বাকা বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে জাতীয় ভিটামিন ’এ’ প্লাস ক্যাম্পেইন পালিত হয়েছে। ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. আবুল ফজল। বিশেষ অতিথি ছিলেন রাড়ুলী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রাণ কৃষ্ণ দাশ, এসএম নাজির আহমেদ, শেখ হাবিব, আব্দুস সবুর সরদার, সাংবাদিক আহম্মদ আলী বাচা।

ক্যাম্প পরিচালনায় সহযোগিতায় করেন স্বাস্থ্য সহকারী নিখিল চন্দ্র ঘোষ, ব্র্যাক হেলথ প্রজেক্ট ইতি মিস্ত্রী, স্বেচ্ছাসেবী মিস পিয়া ও রাসেল, হেলথ প্রজেক্ট’র মিথুন দাশ, মটর শ্রমিক ইউনিয়নসহ সভাপতি লিটন প্রমুখ।