Sunday, June 8, 2014

পাইকগাছায় বহিরাগত যুবকের রহস্যজনক মৃত্যু

পাইকগাছা পৌর সদরে সোহেল (৩৪) নামের এক বহিরাগত যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ সরল কালিবাড়ি এলাকার শহিদুল মাষ্টারের বাড়ি সংলগ্ন বাগানের একটি আম গাছের নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শহিদুল মাষ্টারের বাড়িতে হতভাগা সোহেল ও তার স্ত্রী আসমা খাতুন ওরফে আঁখি (২৫) ভাড়া থাকতেন। পুলিশ মৃতের স্ত্রী ও শাশুড়ীকে থানায় ডেকে নিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে।

লাশের সুরৎহাল রিপোর্ট প্রস্তুতকারী ওসি (তদন্ত) শ্যামলাল নাথ শ্যামল বলেন, মাটিতে পড়ে থাকা লাশের গলায় গামছার একটি অংশ পেচানো ছিল। গামছার বাকি অংশ গাছে ঝুঁলছিল। যা হাত দিলেই খুলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছোট্র যে আম গাছের নিচে সোহেলের লাশ পড়ে ছিল তা দেখে বিষয়টি রহস্যজনক বলে মনে হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনায় প্রেরন করেছে।

এলাকাবাসী জানান, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চক্কাওয়ালী গ্রামের জনৈক কেয়ামুদ্দি খাঁর কন্যা আসমা খাতুনকে বিয়ে করে ৩/৪ বছর আগে সোহেল চাঁদখালীতে আসে। এক পর্যায়ে সোহেল স্ত্রীকে নিয়ে পৌর সদরের শহিদুল মাষ্টারের বাড়িতে বাসা ভাড়া করে বসবাস শুরু করেন।

সোহেলের নাম ঠিকানা তার স্ত্রী বা শ্বশুর বাড়ির কেউ সঠিক করে বলতে পারেনি। তবে বিয়ের কাবিননামায় সোহেল কুমিল্লা জেলার কাচিয়াপুকুরিয়া গ্রামের জনৈক মনু মিয়ার পুত্র বলে উল্লেখ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোহেল এককালিন প্রায় ২৫/৩০ লাখ টাকা নিয়ে এখানে আসেন এবং চাঁদখালী ও পৌর এলাকায় বেশ কয়েকজনের সাথে ব্যবসায়ীক সূত্রধরে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়েন।

হতভাগা সোহেলের বাড়ির মালিক শহিদুল মাষ্টার বলেন, প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। বিষয়টি নিয়ে ইতিপূর্বে একাধিকবার থানা পুলিশ পর্যন্তও গড়িয়েছে। সর্বশেষ শুক্রবার রাতেও তুমুল ঝগড়া হয়েছিল তাদের মাঝে।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিকদার আককাছ আলী বলেন, লাশের ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

পাইকগাছায় বনবিবির আলোচনা

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সুন্দরবনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবির উদ্যোগে এক আলোচনা সভা শনিবার প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সংগঠনের সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তৃতা করেন রাড়ুলী সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পঞ্চানন সানা, লেখক নলিনী কান্ত সানা, সাংবাদিক আশিষ রায় চৌধুরী মিন্টু, প্রাণ কৃষ্ণ দাশ, গোবিন্দ লাল রায় প্রমুখ।

পাইকগাছায় পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা

পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে গত বৃহস্পতিবার র‌্যালি ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, ডা. সঞ্জয় কুমার মন্ডল, নাছির উদ্দীন, জাহানারা বেগম জয়া, রাজীব গাঙ্গুলী প্রমুখ।