Wednesday, June 11, 2014

একটি বিশেষ ঘোষণা ::

আজ থেকে প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পাইকগাছা।

১১ জুন থেকে ১৮ জুন ২০১৪ পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাইকগাছা উপজেলায় পল্লী বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকবে। অর্থাৎ, আগামী ৮ দিনে প্রতিদিন কমপক্ষে ৭ ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে পাইকগাছা।

বি.দ্র. :: বলাই বাহুল্য যে, দিনের অবশিষ্ট ১৭ ঘন্টায় গতানুগতিক রুটিনে লোডশেডিং অব্যাহত থাকবে !

Tuesday, June 10, 2014

২৪ ঘণ্টার মধ্যে বিদেশি পতাকা সরাতে অনুরোধ

বিশ্বকাপ খেলা উপলক্ষে যশোরে ভবনসহ বিভিন্ন স্থানে টাঙানো বিদেশি পতাকা সরিয়ে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশ ও জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে অন্য দেশের পতাকা সরিয়ে নিতে অনুরোধ করেছেন। সোমবার এ ধরনের একটি পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পতাকা বিধিমালা ১৯৭২ এর বিধি ৯(৪) এ দেশের অভ্যন্তরে কোনো ভবনে বা যানবাহনে কোনো বিদেশি পতাকা উত্তোলন করা যাবে না মর্মে উল্লেখ আছে।

কিন্তু বিশ্বকাপ ফুলবল খেলা উপলক্ষে জেলার বিভিন্ন ভবনে বিদেশি রাষ্ট্রের পতাকা উত্তোলন করে বাংলাদেশ পতাকা বিধিমালা লঙ্ঘন করা হয়েছে। এজন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে বিদেশি পতাকা সরিয়ে নিতে সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Monday, June 9, 2014

পাইকগাছার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ১ জনের মৃত্যু

পাইকগাছার গদাইপুরের মুক্তির মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক জনের মৃত্যু হয়েছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন !)

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার বিকালে কয়রার গোবিন্দপুর গ্রামের রবিউল ইসলাম গাজী মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। নিহত যাত্রী রবিউল ইসলাম গাজী (৫০) কয়রা উপজেলার গোবিন্দপুর গ্রামের দাউদ আলী গাজীর পুত্র।

উল্লেখ্য, পাইকগাছার গদাইপুরের মুক্তির মোড়ে রবিবার দুপুর পৌনে ১টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫-২০ জন। বাস উল্টে রাস্তার পাশের পুকুরে পড়ে এই দুর্ঘটনা ঘটে। মূল চালকের পরিবর্তে কন্ডাকটর বেপরোয়াভাবে বাস চালনোর ফলে দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ যাত্রীদের।