Saturday, July 19, 2014

পাইকগাছায় ঈদকে সামনে রেখে প্রতারকচক্র ও ছিনতাইকারীর আবির্ভাব

পাইকগাছাবাসী সাবধানে থাকুন ! ঈদকে সামনে রেখে এলাকায় এক শ্রেনীর প্রতারকচক্র-ছিনতাইকারীর আবির্ভাব ঘটেছে। তারা প্রকাশ্যেই টাকা কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে। অতিসম্প্রতি পৌর তথা উপজেলা সদরের একটি ব্যাংক অভ্যন্তর থেকে এক ব্যক্তির উত্তোলনকৃত কুড়ি হাজার টাকা অভিনব কায়দায় ছিনিয়ে নেয়ার ঘটনা চাউর হয়ে গেলে এলাকাবাসির মাঝে এক ধরনের আতংক ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, গত বুধবার সকাল ১১টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের শাহাজান আলী নামের জনৈক ব্যক্তি সোঁনালী ব্যাংক, পাইকগাছা শাখা থেকে ২০ হাজার টাকা উত্তোলন করেন। ব্যাংকের মধ্যেই ওঁৎ পেতে থাকা ৪/৫ জনের ছিনতাইকারীর দল শাহাজান আলীর উত্তোলনকৃত সমুদয় টাকা ছিনিয়ে নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।

জানা যায়, ছিনতাইকারীরা কিছু টাকা ব্যাংকের ফ্লোরে ছুড়ে ফেললে ওই টাকা তুলতে যায় শাহাজান আলী। এ সুযোগে শাহাজান আলীর কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা। তবে ব্যাংকের ক্লোজসার্কিট ক্যামেরা ছিনতাইয়ের ঘটনাটি ধারণ করতে সক্ষম হয়েছে বলে জানা গেছে। যা দেখে ছিনতাইকারীদের চিহিৃত করা সম্ভব হবে বলে ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে প্রকাশ্যে দিনেদুপুরে ব্যাংক অভ্যন্তর থেকে টাকা ছিনতাই হওয়ার ঘটনা জানাজানি হলে স্থানীয় ব্যবসায়ী মহলসহ এলাকাবাসীর মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। ঈদকে সামনে রেখে পকেটমার-ছিনতাইকারীরা যেমন বেপরোয়া হয়ে উঠবে তেমনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও তৎপর হওয়া জরুরী বলে মন্তব্য করেছেন স্থানীয় সচেতন মহল।

এ প্রসঙ্গে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সিকদার আককাস আলী সাংবাদিকদের বলেন, ব্যাংকের ক্লোজসার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এলাকায় পুলিশী টহল বাড়ানোর আশ্বাস দিয়ে তিনি বলেন, এসব ব্যাপারে সকলেই সতর্ক থাকা উচিৎ।

কয়রায় অক্সিজেন বিহীন এ্যাম্বুলেন্সে রোগীর করুণ মৃত্যু

কয়রায় লক্কর ঝক্কর গাড়ীতে এ্যাম্বুলেন্স নেমপ্লেট লাগিয়ে প্রতারণা করা অবস্থায় এক বৃদ্ধা রোগীর করুণ মৃত্যু হয়েছে।

জানা গেছে, উত্তর বেদকাশির মৃত মোহর আলী গাজীর স্ত্রী মরিয়ম খাতুন (৭৫) গত ১৮ জুলাই অসুস্থ হয়ে পড়লে আমাদি ইউনিয়নের এ্যাম্বুলেন্স ব্যবসায়ী রথিন্দ্রনাথ বিশ্বাসের লক্কর ঝক্কর গাড়ীতে করে খুলনা নেয়ার পথে কয়রা কপোতাক্ষ কলেজের সামনে অক্সিজেন বিহীন অবস্থায় মুমূর্ষু রোগী মরিয়ম খাতুনের করুন মৃত্যু ঘটে।

ওই সময় এ্যাম্বুলেন্সটি বিকল হয়ে পড়েছিল। ড্রাইভার চেষ্টা চালিয়ে গাড়িটি সচল করতে পারেনি। এ ঘটনায় কয়রা সদরে লোকজন উত্তেজিত হয়ে এ্যাম্বুলেন্সটি ঘিরে ফেললে ড্রাইভার পালিয়ে যায়। এ সময় উত্তেজিত লোকজন গাড়িটি ভাঙচুরের চেষ্টা চালায়।

স্থানীয়রা জানিয়েছে এ্যাম্বুলেন্স ব্যবসায়ী রথিন্দ্রনাথ বিশ্বাস দীর্ঘদিন ধরে ফিটনেস বিহীন ও অক্সিজেন না থাকা এ্যাম্বুলেন্স নিয়ে রোগীদের সেবার নামে প্রতারণা করে আসছে।

কপিলমুনিতে মুসুল্লীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্থিনিদের উপর ইসরাইলী হামলার প্রতিবাদে জাতীয় ওলামা পরিষদের আহবানে সারাদেশ ব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশের অংশ হিসেবে কপিলমুনিতে শুক্রবার দুপুর ২টার দিকে কপিলমুনি এলাকার মুসুল্লীরা এক বিক্ষোভ মিছিল করেন।

মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পোষ্ট অফিস মোড় সংলগ্ন চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এ সময় মাও. আমিনুর রহমান সিরাজির উপস্থাপনায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাও. হাফেজ আব্দুস সাত্তার, মাও. মিজানুর রহমান প্রমুখ।