Saturday, August 23, 2014

পাইকগাছায় শিক্ষকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি; চোরাই মাল'সহ ২ যুবক আটক

পাইকগাছায় প্রকাশ্য দিবালোকে এক স্কুল শিক্ষকের বাড়ীতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করে নির্বিঘ্নে পালিয়ে যায়। অপরদিকে, পৃথক চুরির ঘটনায় পুলিশ চোরাই মালামাল'সহ ২ যুবককে আটক করেছে।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মৌখালী ইউনাইটেড একাডেমীর প্রধান শিক্ষক শশাংক শেখর বাছাড় ও তার স্ত্রী সাহাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিপু বৈদ্য কর্মস্থলে থাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে চোরেরা পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ বসত বাড়ীর গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে আলমারী ভেঙে নগদ ৪০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

অপরদিকে, গত বুধবার মাহমুদকাটি গ্রামের সাধন কুমার দাশ, বাসুদেব কুমার দাশ ও বিকাশ দাশ’সহ কয়েকজন এলাকাবাসীর বাড়িতে চুরির ঘটনায় পুলিশের এস.আই রহমত আলী ও এ.এস.আই সুকুমার সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সকালে অভিযান চালিয়ে রামনাথপুর গ্রামের সাইদ সরদারের পুত্র ফারুক হোসেন (২২) ও একই এলাকার শেখ জাহাঙ্গীর হোসেনের পুত্র সবুজ হোসেন (২০) কে আটক করে এবং সবুজের বাড়ি থেকে চোরাইকৃত একটি সেলাই মেশিন, ২টি পিতলের কলস ও একটি ঝাকি জাল উদ্ধার করেছে বলে ওসি সিকদার আককাস আলী জানান।

পাইকগাছায় অর্ধশত মোটরসাইকেল জব্দ

পাইকগাছায় ট্রাফিক পুলিশের অভিযানে প্রায় অর্ধশত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় লাইসেন্সবিহীন মোটরসাইকেল মালিকরা আতংকে রয়েছেন। 

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক নজরুল ইসলামের নেতৃত্বে শনিবার দিনভোর অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে লাইসেন্সবিহীন প্রায় অর্ধশত মোটরসাইকেল জব্দপূর্বক প্রত্যেক মোটরসাইকেল মালিককে কেসস্লিপ ধরিয়ে দেন।

বাঁকা পশ্চিমপাড়া হতে বাজারের মোবাইল টাওয়ার পর্যন্ত ১.৫ কি.মি. রাস্তা মরণ ফাঁদ

বাঁকা পশ্চিমপাড়া থেকে বাঁকা বাজারের মোবাইল টাওয়ার পর্যন্ত রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। দেড় কিলোমিটার রাস্তা আশু সংস্কারের প্রয়োজন হয়ে পড়েছে।

সরেজমিনে জানা গেছে, বাঁকা গ্রামের প্রায় ৬/৭ হাজার মানুষের বসবাস। তাছাড়া দরগাহপুর খরিয়াটি গ্রাম হতে বাঁকা বাজার যাতায়াতের একমাত্র রাস্তা এটি। ১৪/১৫ বছর পূর্বে সাবেক চেয়ারম্যান মুনসুর আলী বিশ্বাসের আমলে এ রাস্তায় ইটের সোলিংয়ের কাজ হয়। সেই থেকে অদ্যবধি কোন সংস্কার হয়নি।

বর্তমানে রাস্তাটির ইট উঠে খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তার পাশে ১টি মাধ্যমিক ও ২টি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। ছাত্র-ছাত্রী, পথচারী, ব্যবসায়ীদের এই রাস্তা চলতে চরম দূর্ভোগের মুখে পড়েন।

এলাকার সচেতন মহল রাস্তাটি সংস্কারে পাইকগাছা কয়রার সংসদ সদস্য এ্যাড. নুরুল হক ও সরকারের উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।