Sunday, August 24, 2014

ধূমপানমুক্ত নোটিশ না লাগালে প্রতিষ্ঠান বা পরিবহন মালিককে জরিমানা

পাবলিক প্লেস ও পরিবহনের মালিক, তত্ত্বাবধায়ক, নিয়ন্ত্রণকারী ব্যক্তি বা ব্যবস্থাপক নিজ প্রতিষ্ঠানে বা পরিবহনে ধূমপানমুক্ত নোটিশ না লাগালে তাকে গুণতে হবে এক হাজার টাকা জরিমানা। 

ধূমপান ও তামাক নিয়ন্ত্রনে গঠিত জেলা টাস্কফোর্স কমিটি এ আইন বাস্তবায়নে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শুরু করছে। টাস্কফোর্সের সভাপতি জেলা প্রশাসক আনিস মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এইড খুলনার কার্যালয়ে গত শুক্রবার বেলা ১১টায় এইড, সিয়াম ও বাংলাদেশ তামাক বিরোধী জোটের আয়োজনে সমমনা সংস্থার সাথে সমন্বয় সভায় উপস্থিত জোট নেতারা এ কথা বলেন। মল্লিক আবিদ হোসেন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এইড তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের পরিচালক দোয়াবক্স শেখ।

সিয়ামের নির্বাহী পরিচালক মোঃ মাছুম বিল্লাহর পরিচালনায় বক্তৃতা করেন সাংবাদিক মোঃ আলাউদ্দিন, আকবর আলী, বিকাশ গোলদার, তাহমিনা রহমান, মোঃ শামীম, মোঃ সোহাগ প্রমুখ। আইন বাস্তবায়নে তথা জনস্বাস্থ্য রক্ষায় সকলকে সহায়তা করার জন্য সভা থেকে আহ্বান জানানো হয়।

ঢাবির ভর্তি পরীক্ষায় নিয়মের পরিবর্তন

আর মাত্র কয়েকটা দিন। এর পরই শুরু হয়ে যাবে পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য ভর্তিযুদ্ধ। দেশে শিক্ষার্থীর অনুপাতে বিশ্ববিদ্যালয়ে আসন কম হওয়ায় প্রতিবছর ভর্তি পরীক্ষায় হয় তীব্র প্রতিযোগিতা। যা শিক্ষার্থীদের কাছে ভর্তিযুদ্ধ হিসেবেই বিবেচিত।

প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৪-১৫ সেশনের ভর্তি শুরু হতে যাচ্ছে আগামী ৫ সেপ্টেম্বর থেকে।

এ বছর প্রথমেই অনুষ্ঠিত হবে ব্যবসায় অনুষদের অধীনের ‘গ’ ইউনিটের পরীক্ষা। ভর্তি পরীক্ষার লক্ষ্যে অনলাইনে শিক্ষার্থীদের আবেদন প্রক্রিয়া চলমান আছে যা চলবে আগামী ৩১ আগস্ট দুপুর ২টা পর্যন্ত।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সঙ্গে কথা বলে জানা যায় এবারের ভর্তি পরীক্ষায় ঢাবি প্রশাসন কয়েকটি নতুন নিয়ম চালু করেছে। শিক্ষার্থীর জন্য নিয়মগুলো বিস্তারিত তুলে ধরা হল-

পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ :: গত বছর ভর্তি পরীক্ষা চলকালীন বেশ কয়েক জন পরীক্ষার্থীকে আটক করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা ক্যালটুলেটরে করে ডিজিটাল পদ্ধতিতে নকল করছিল। তাই এবছর ডিজিটাল জালিয়াতি ঠেকাতে পরীক্ষার হলে ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তবে এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, ‘ক্যালকুলেটের সমাধান করতে হয় এমন জটিল প্রশ্ন পরীক্ষায় থাকছে না এ ক্ষেত্রে ক্যালকুলেটর নিষিদ্ধ হলেও তা ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের ওপর কোনো প্রভাব ফেলবে না।’

অ্যাডভান্স ইংলিশ :: এ বছরই প্রথম বারের মত ‘ঘ’ ইউনিটের মাধ্যমে যেসব শিক্ষার্থী ইংলিশ বিভাগে পড়তে চান তাদের বাংলাদেশ বিষয়াবলীর পরিবর্তে অ্যাডভান্স ইংলিশের উত্তরপত্র দাগাতে বলা হয়েছে। বিগত কোনো পরীক্ষায়ই শিক্ষার্থীদের অ্যাডভান্স ইংলিশের উত্তর করতে হয়নি। এ বছর অ্যাডভান্স ইংলিশ উত্তর করা ছাড়া ‘ঘ’ ইউনিট থেকে ইংলিশ নেয়া যাবে না বলে জানানো হয়েছে। তবে অ্যাডভান্স ইংলিশ দাগালে অন্যান্য বিষয়ও নেয়া যাবে।

নাম্বার হ্রাস :: ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শুধু মেধাতালিকায় প্রথম দিকে থাকলেই সব ধরনের বিভাগে ভর্তি হওয়া যাবে না। এক্ষেত্রে বিভিন্ন বিভাগ পেতে হলেও শিক্ষার্থীদের পূরণ করতে কয়েকটি শর্ত এর মধ্যে অন্যতম হলো নাম্বারের শর্ত। গত বছর ভর্তি করানোর ক্ষেত্রে দেখা গেছে অনেক শিক্ষার্থী মেধাতালিকায় প্রথম দিকে থেকেও কোনো বিভাগে ভর্তির সুযোগ পায়নি।

অন্যদিকে অপেক্ষমান তালিকা থেকে ভর্তির সুযোগ পেয়েছেন। এছাড়াও আইন বিভাগসহ বেশ কয়েকটি বিভাগে শিক্ষার্থীর আসল খালি ছিল। তাই এবারের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় নির্ধারিত ইংলিশ ও বাংলায় মার্কস প্রায় ২/১ করে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে আইন কিংবা অন্যান্য বিষয় পেতে সুবিধা হবে।

আসন বৃদ্ধি :: ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ৬ হাজার ৫৮২ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। গত বছর এ সংখ্যা ছিল ৬ হাজার ৪৩৩ জন। এবছর ১৪৯টি আসন বেড়েছে বলে উপাচার্য নিশ্চিত করেছেন। তবে ‘খ’ ইউনিটের আসন কমানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে আসন সংখ্যা ছিল ১ হাজার ৫৯৩টি। তবে এ বছর এ ইউনিটটিতে ৪৭টি আসন বেড়ে আসন সংখ্যা দাড়িয়েছে ১ হাজার ৬৪০টিতে।

বিজনেস স্টাডিজ (ব্যবসায় শিক্ষা) অনুষদভুক্ত ‘গ’ ইউনিট থেকে গত বছর ১ হাজার ৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিল। এ বছর সেই সংখা ৯৫ জন বেড়ে দাড়িয়েছে ১ হাজার ১৭০টিতে।

গত বছর সম্মিলিত ‘ঘ’ ইউনিট থেকে ভর্তি সুযোগ পেয়েছিল ১ হাজার ৩৩৬ জন। এ বছর ইউনিটটিতে ৮০টি নতুন আসন বেড়ে মোট ১ হাজার ৪১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

চারুকলা অনুষদ (সব শাখা) ‘চ’ ইউনিটে গত বছর ভর্তির সুযোগ পেয়েছিল ১১৯ জন। এবছর ১৬টি আসন বেড়ে মোট ১৩৫ জন শিক্ষার্থী অনুষদটির বিএফ কোর্সে ভর্তির সুযোগ পাবে।

তবে প্রতিটি ইউনিটে আসন বাড়লেও কমেছে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের আসন। ইউনিটটিতে গত বছর আসন সংখ্যা ছিল ২ হাজার ৩১০। এ বছর ইউনিটটিতে ৮৯টি আসন হ্রাস পেয়ে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২২১টিতে।

বিস্তারিত বিষয় জানতে বিষয়ে বিশ্বিবিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিস সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাংলামেইলকে বলেন, ‘বেশ কয়েকটি বিষয় মাথায় রেখে নতুন করে কিছু নিয়ম করা হয়েছে।’

তবে মূলত ভর্তি পরীক্ষার স্বচ্ছতা ও শিক্ষার্থীদের সুবিধার জন্য এ বছর এসব নিয়ম করেছি। একই সঙ্গে শিক্ষার্থী বৃদ্ধির কথা চিন্তা করে সর্বোচ্চ ১৪৯টি আসন বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।

পাইকগাছায় স্কুল ছাত্রকে মেরে আহত করার ঘটনায় শালিস

পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় গেটে এক ছাত্র অপর ছাত্রের মাথায় চেইন দিয়ে আঘাত করার ঘটনায় স্কুলের ম্যানেজিং কমিটির শালিসে অভিযুক্ত ছাত্রের মাফ চাওয়া, পিতার ক্ষমা প্রার্থনা ও মুচলকা দেওয়ায় সকলে খুশি হলেও স্কুল ফান্ডে ১০ হাজার টাকা জরিমানা প্রদানের সিদ্ধান্তে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

জানা গেছে, মেয়েলি ঘটনায় ১৩ আগস্ট স্কুল ক্যাম্পাসের স্কুল গেটে সদ্য এসএসসি পাশ করা ছাত্র প্রান্ত ঐ স্কুলের ইমনের মাথায় চেইন দিয়ে আঘাত করে। এতে তার মাথা কেটে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

অভিযুক্ত ছাত্র প্রান্ত পুরাইকাটী গ্রামের অচিন্ত ঘোষের পুত্র এবং ছাত্র ইমন একই গ্রাম ও স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য নূর আলী মোড়লের পুত্র। বিষয়টি মিমাংশার জন্য অচিন্ত ঘোষ ও নূর আলী মোড়ল, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকের শরণাপন্ন হন।

১৬ আগস্ট শালিসে উপস্থিত সকলের সিদ্ধান্তে অভিযুক্ত ছাত্র প্রান্ত তার অপরাধের জন্য সকলের কাছে মাপ চায়, তার পিতা ক্ষমা প্রার্থনাসহ ভবিষ্যতে যাতে তার ছেলে এ ধরণের কোন অপরাধ না করে সে জন্য মুচলকা প্রদান করে। তাছাড়া অনেকে ধারণা করেন, চিকিৎসা খরচ সামান্য হলেও আহত ছাত্রের চিকিৎসা খরচ বাবদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।