Monday, September 1, 2014

পাইকগাছায় সার পাচারের দায়ে ব্যবসায়ীকে জরিমানা

পাইকগাছায় সার পাচারের অভিযোগে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। গত শনিবার বিকালে চাঁদখালীর বিসিআইসি ডিলার আল্লার দান ট্রেডার্সের মালিক মোখলেসুর রহমান ৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার কয়রা উপজেলায় পাচারকালে স্থানীয়রা আটক করে উপজেলা কৃষি অধিদপ্তরকে সংবাদ দেয়।

সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সার ব্যবস্থাপনা আইনে মোখলেসুরকে ৫ হাজার ও তার অপর সহযোগী কয়রা উপজেলার চান্নির চক গ্রামের আব্দুল গাজীর ছেলে মোঃ আশরাফুলকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা’সহ সংশ্লিষ্টরা।

একটি শোক সংবাদ ::

পাইকগাছা কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লতিফা খানম গতকাল ৩১ আগষ্ট রবিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তিনি ২ পুত্র ও ২ কন্যা’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার স্বামী পাইকগাছা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নূর আলী।

উল্লেখ্য, তিনি ১৯৮৪ সালের ৩১ ডিসেম্বর বাংলা বিভাগের প্রভাষিকা হিসেবে পাইকগাছা কলেজে যোগদান করেন এবং ২০০৯ সালে অবসরে যান। বর্তমান পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরকারি হওয়ার পূর্বে তিনি এই বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

কপিলমুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ

কপিলমুনিতে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করায় লক্ষাধিক টাকার মাছ মরে গেছে।

জানা যায়, কপিলমুনির শহরতলীর উত্তর সলুয়া গ্রামের বিষ্ণুপদ কর্মকারের সলুয়াস্থ মৎস্য ঘেরে শনিবার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। পরদিন সকালে দেখা যায় ঘেরের বিভিন্ন প্রজাতির মাছ মরে পানির উপরে ভেসে উঠেছে।

বিষ্ণুপদ কর্মকার বলেন, আমার ঘেরে শত্রুতামূলকভাবে কে বা কারা বিষ দেয়। এতে মাছ মরে ১ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে।