Wednesday, September 10, 2014

পাইকগাছায় ফিল্মি স্টাইলে মোটরসাইকেল ছিনতাই

পাইকগাছায় অভিনব কায়দায় মোটরসাইকেল ছিনতাই হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌর বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকজন ছিনতাইকারী ফরিদপুর এলাকার পরিচয় দিয়ে পৌর সদরের একটি আবাসিক হোটেলে অবস্থান নেয়। ঘটনার দিন মঙ্গলবার সকালে ছিনতাইকারীরা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মৃত জাহাবক্সের পুত্র মোটরসাইকেল চালক হাসানের ব্যবহৃত প্লাটনা মোটরসাইকেলটি ভাড়া নেয়।

এদিন সন্ধ্যার দিকে ভাড়ার টাকা দেয়ার কথা বলে হোটেলে ডেকে নিয়ে চেতনানাশক মেশানো কোমল পানীয় খাইয়ে দেয়। মুহুর্তের মধ্যে হাসান অচেতন হয়ে পড়লে মোটরসাইকেলটি নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

বিষয়টি খতিয়ে দেখছেন বলে ওসি শিকদার আককাস আলী জানান।

পাইকগাছায় মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদন্ড

পাইকগাছায় মাদকাসক্ত এক যুবককে এক বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে। বুধবার সকালে থানার এস.আই বিশ্বজিত অধিকারী অভিযান চালিয়ে ঘোষাল গ্রামের মাদকাসক্ত যুবক আসাদুজ্জামান টিটু (৩৮) কে ৩০ গ্রাম গাজা’সহ বসত বাড়ী থেকে হাতে-নাতে আটক করেন।

পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে শরিকের আলোচনা সভা

মঙ্গলবার রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুইস ডেভেলপমেন্ট কো-অপারেশনের আর্থিক সহযোগিতায় এবং হেলভেটাস সুইস ইন্টার কো-অপারেশনের বাস্তবায়নে শরিক প্রকল্প স্থানীয় সরকারের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনসেবার মান বৃদ্ধির জন্য অন্যান্য এলাকার পাশাপাশি পাইকগাছার ১০টি ইউনিয়নে কাজ করছে।

তার অংশ হিসেবে রাড়ুলী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণ কৃষ্ণ দাশ, সুশীলনের আজমিরা পারভীন, মোঃ নুরুজ্জামান, ইউপি সদস্য সম ছহিলউদ্দীন, আব্দুর রাজ্জাক, সুইস ইন্টার কো-অপারেশনের কর্মকর্তা ফিরোজ আহমেদ, সদস্য আব্দুর রাজ্জাক গাজী, মহিলা সদস্যা আলেয়া বেদানা। আলোচনায় অংশ নেন, কাকুলি, কবিতা, মেম্বর ফয়জুল্লাহ, সাহেব আলী গোলদার, হাশেম মোড়ল, পরিমল ঘোষ, মমতা দাশসহ আরো অনেকে।

শেষে ইউনিয়নের সামাজিক মানচিত্র অংকনের মাধ্যমে ১০টি দরিদ্র এলাকা চিহ্নিত করে নমুনা হিসেবে তার উন্নয়নে একটি পরিকল্পনা তৈরী করা হয়।