Monday, September 22, 2014

পাইকগাছায় দু’দিনের টানা বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

দু’দিনের টানা বর্ষণে পাইকগাছায় ফসলের ব্যাপক ক্ষতি হয়ে ও ভেসে গেছে শত শত বিঘা চিংড়ি ঘের। কর্মহীন মানুষ বেকার হয়ে পড়েছে। ব্যবসা প্রতিষ্ঠান, স্কুল, কলেজসহ অফিস আদালতে উপস্থিতি কম।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত শনিবার ভোর ৬টা থেকে গতকাল রবিবার সন্ধ্যা পর্যন্ত টানা দু’দিনের ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মহীন মানুষ ঘর থেকে বের হতে না পেরে অলস সময় পার করছেন।

অন্যদিকে স্কুল, কলেজসহ অফিস আদালতে উপস্থিতি অনেক কম লক্ষ্য করা গেছে। উপজেলার সোলাদানা ইউনিয়নের হরিখালী, আমুরকাটা, দিঘাসহ বিভিন্ন এলাকা শত শত বিঘা চিংড়ি ঘের ভেসে গেছে। এতে ঘের মালিকদের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোলাদানা ইউনিয়নের রবীন্দ্র নাথ রায় জানিয়েছেন, তার ১০০ বিঘার চিংড়ি ঘের সম্পূর্র্ণ ভেসে গিয়ে প্রায় ৫-৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

চাঁদখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী জানিয়েছেন, তার ইউনিয়নে অনেক ধান ক্ষেত তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া উপজেলার গদাইপুর, পৌরসভাসহ বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিভাস চন্দ্র সাহা জানিয়েছেন, গত শনিবার ভোর থেকে গতকাল রবিবার বিকাল ৫টা পর্যন্ত ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এখনও পর্যন্ত ফসলের তেমন ক্ষতি হয়নি। তবে দীর্ঘায়িত বৃষ্টিপাত হলে ফসলের ব্যাপক ক্ষতি হবে বলে তিনি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতে তেমন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ঢাকাগামী পরিবহনের সরাসরি ঢাকা-পাইকগাছা চলাচল নিশ্চিত চাই

পাইকগাছা-খুলনা রুটে গত শুক্রবার থেকে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। তবে ঢাকাগামী পরিবহন গুলো এখনও পাইকগাছায় না এসে ঢাকা-তালা চলাচল করছে।

আসন্ন শারদীয়া দুর্গ পূজা ও ঈদুল আযহার আগেই ঢাকাগামী পরিবহন গুলো যাতে সরাসরি ঢাকা-পাইকগাছা চলাচল করে, সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

এই রুটের ভুক্তভোগী সকল যাত্রীS !

পাইকগাছায় কমিউনিটি স্বেচ্ছাসেবীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ওয়ার্ড পর্যায়ে গ্রামীণ নাগরিক প্লাটফর্ম গঠণের জন্য কমিউনিটি স্বেচ্ছাসেবীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৬নং লস্কর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সুশীলন শরিক প্রকল্পের স্থানীয় জনসেবার মান উন্নয়নের এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন। প্রতি ওয়ার্ড থেকে ১ জন নারী ও ১ জন পুরুষ নিয়ে মোট ৯টি ওয়ার্ড থেকে ১৮ জন স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন সুশীলন শরিক প্রকল্প টিম লিডার শিপক চন্দ্র দে এবং ফিল্ড ফ্যাসিলিটেটর আজমীরা পারভীন।