Sunday, July 5, 2015

পাইকগাছায় জমে উঠেছে ঈদ বাজার; ক্রেতাদের উপচে পড়া ভিড়

তরুনীদের পোশাক ভাবনায় ভারতীয় আগ্রাসন; পছন্দ কিরণমালা থ্রি পিচ !


পাইকগাছায় জমজমাট হয়ে উঠেছে ঈদ বাজার। ঈদকে সামনে রেখে ছিট কাপড় ও পোশাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়ে জমে উঠেছে ঈদের কেনা কাটা। ক্রেতাদের মধ্যে অধিকাংশই শিশু, তরুনী ও নারী। এবারের ঈদে তরুনীদের পছন্দের তালিকা প্রধান্য পেয়েছে কিরণমালা ও ফ্লোরটার্চ থ্রি পিচ। 

এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্নে করতে পৌর বাজারের গুরুত্বপূর্ণ স্থান সমূহে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে ওসি মোঃ আশরাফ হোসেন জানান। 

পবিত্র ঈদুল ফিতরের এখনও প্রায় দু’সপ্তাহ বাকী রয়েছে। এরই মধ্যে প্রয়োজনীয় কেনাটা সেরে নিচ্ছেন অনেকেই। বিশেষ করে শিশু, তরুনী ও নারীরা তাদের পোশাক-আশাক আগে ভাগেই কিনতে শুরু করে দিয়েছেন। এ জন্য ছিট কাপড় ও পোশাকের দোকানগুলোতে উপচে পড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কেনাকাটায় জমজমাট হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ বিপনী বিতানগুলো।

বিসমিল্লাহ গার্মেন্টের মালিক শফিয়ার রহমান জানান, এবারের ঈদে তরুনীদের পছন্দের পোশাক হিসেবে কিরণমালা ও ফ্লোরটার্চ থ্রি পিচ বেশি প্রধান্য পেয়েছে। শ্রেণীভেদে ৬০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এ পোশাকগুলো।

এ বারের ঈদে ছেলের জন্য জামাপ্যান্ট কিনেছেন বলে জানান গৃহবধু মুন্নি বেগম। তৈরী করতে সময় লাগে এ জন্য আগে ভাগেই সুতী কাঁথানের থ্রি-পিচ কিনেছেন বলে জানান, তরুনী লিমা খাতুন। ঈদের শেষের দিকে কেনাকাটায় আরো বেশি প্রভাব পড়বে বলে ফজলু ক্লথ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ ফজলু জানান।

Saturday, July 4, 2015

পাইকগাছায় রমজানে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে বেগুন ও কাঁচা মরিচ

পাইকগাছায় বেগুন ও কাঁচা মরিচের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পবিত্র মাহে রমজানের গত ১৫ দিনে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে হাট বাজারগুলোতে। ফলে প্রয়োজনীয় এ দুটি নিত্য পন্য কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে ক্রেতারা। সাধারণ ক্রেতাদের অভিযোগ বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকায় মাহে রমজানের সুযোগ কাজে লাগিয়ে বিক্রেতারা খুচরা মূল্য বাড়িয়ে দিয়েছে। 

শুক্রবার সকালে পৌর কাঁচা বাজারে দেখা গেছে, রমজানের আগে যে বেগুনের কেজিপ্রতি মূল্য ছিল ৩০-৩৫ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা দরে। কাঁচা মরিচের ৫০-৬০ টাকার স্থলে ১২০ টাকা। এদিকে পিঁয়াজ-রসুন থেকে শুরু করে কাচ কলা, পটল, ঝিঙে, পেঁপে সহ অন্যান্য সবজির মূল্য অনেকটাই স্বাভাবিক থাকলেও পৌর বাজার, সরল বাজার, জিরো পয়েটস্থ বউ বাজার, নতুন বাজার, মানিকতলা হাট, গদাইপুর হাট, আগড়ঘাটা বাজার, কপিলমুনি হাটসহ উপজেলার প্রায় প্রতিটি হাট বাজারে দ্বিগুন দামে বিক্রি হচ্ছে বেগুন এবং কাঁচা মরিচ। 

এ ব্যাপারে পৌর বাজারের ব্যবসায়ী আশিকুল জানান, বর্তমানে অন্যান্য সবজির মূল্য স্বাভাবিক থাকলেও বেগুন ও কাঁচা মরিচের দাম গত ১৫ দিনে প্রায় দ্বিগুন পেয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সরবরাহ কম থাকায় দাম বাড়ার অন্যতম কারণ বলে জানিয়েছে, ব্যবসায়ী মুন্না। 

রমজানের শেষ দিকে হলেও বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হোক এমনটাই দাবী জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

পাইকগাছায় আহলে হাদীসের ৬৫ টাকা ফিতরা নির্ধারণ

পাইকগাছায় বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের জনপ্রতি ফিতরা মূল্য ৬৫ টাকা করা হয়েছে। শুক্রবার দুপুরে বান্দিকাটি আহলে হাদীস জামে মসজিদে জুম্মাবাদ ফিতরা নির্ধারণী কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। 

সভায় (সৌদি এক সা সমান) দেশের অধিকাংশ মানুষের প্রধান খাদ্য দ্রব্য আড়াই কেজি (২ সের সাড়ে ১১ ছটাক) চালের মূল্য হিসেবে ৬৫ টাকা জনপ্রতি ২০১৫ সালের ফিতরা নির্ধারণ করা হয়। 

আলহাজ্ব রহমত আলী গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ মাসুদুর রহমান, ক্বারী নূর মোহাম্মদ, আব্দুর রাজ্জাক সরদার, মোশাররফ হোসেন ও অলিউর রহমান।