Saturday, September 5, 2015

আজ শুভ জন্মাষ্টমী

'ভয়েস অফ পাইকগাছা'র পক্ষ থেকে সবাইকে শুভ জন্মাষ্টমী'র শুভেচ্ছা ! 


আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী। হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করবেন। হিন্দু ধর্মাবলম্বীদের মতে, আজ থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে অবতার ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন।


জন্মাষ্টমী‬ বা কৃষ্ণজন্মাষ্টমী‬ একটি হিন্দু উৎসব। এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি।

হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। উৎসবটি গ্রেগরিয়ান ক্যালেন্টার অনুসারে, প্রতি বছর মধ্য-আগস্ট থেকে মধ্য-সেপ্টেম্বরের মধ্যে কোনো এক সময়ে পড়ে।

Wednesday, September 2, 2015

এমপি নুরুল হক’সহ ৭ জনের বিরুদ্ধে মামলা

কপিলমুনি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের আওয়ামী লীগ দলীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক’সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নূরুল হক এমপি কপিলমুনি মহাবিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি।

১লা সেপ্টেম্বর মঙ্গলবার খুলনার সিনিয়র সহকারী জজ মো. হাবিবুর রহমান চৌধুরীর আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত অভিযোগ আমলে নিয়ে কলেজ পরিচালনা পর্যদের সভাপতি, কলেজ উপাধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাযার্চকে ৭ দিনের মধ্যে কারণ‬ দর্শানোর‬ ‪‎নির্দেশ‬ দিয়েছেন। অন্যথায় নিয়োগ অবৈধ ঘোষণা করা হবে বলেও আদালত উল্লেখ করেন।

কুমিরা মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আব্দুল গফুর মোড়ল বাদী হয়ে পাইকগাছার সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন (মামলা নং-১৯৭/১৫)।

মামলার বাদী প্রভাষক আব্দুল গফুর মোড়ল অভিযোগ করেন, পাইকগাছা উপজেলার কপিলমুনি মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বাদী ওই পদে নিয়োগ পেতে আবেদন করেন। ৭ আগস্ট তিনি খুলনার সরকারী বিএল বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায়ও হাজির হন। 

কিন্তু কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় এমপি শেখ মোঃ নূরুল হক সে সময় হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও তার ভাই বিএল কলেজের শিক্ষক হারুন সরদারের মাধ্যমে তার কাছে টাকা দাবি করেন। এ কারণে তিনি পরীক্ষা না দিয়েই ফিরে যান। পরবর্তীতে বিবাদীরা পরস্পরের যোগসাজশে অনিয়মের আশ্রয় নিয়ে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেন। এ কারণেই তিনি মামলা দায়ের করেছেন।

মামলার অপর বিবাদীরা হচ্ছেন, খুলনার দিঘলিয়া উপজেলার আলহাজ্ব সারোয়ার খান ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ বাহার হাবিব, পাইকগাছা উপজেলার কপিলমুনি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, নিয়োগ বোর্ডের সদস্য কালিদাস চন্দ্র চন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস বিভাগের পরিচালক ড. মো. শহীদুল্লাহ, বিএল কলেজের অধ্যক্ষ প্রফেসর গুলশান আরা বেগম ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

Sunday, August 30, 2015

‎অবশেষে‬ পাইকগাছা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলী বরখাস্ত

৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


পাইকগাছা সিনিয়র মাদ্রাসার আলোচিত দূর্নীতি পরায়ণ অধ্যক্ষ আজহার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় শনিবার পরিচালনা পর্ষদের এক সভায় অধ্যক্ষ আজহার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। 

উল্লেখ্য, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার আলোচিত অধ্যক্ষ আজহার আলী ইতোপূর্বে ‪‎চেক‬ জালিয়াতির‬ মামলায় জেল‬ ‪‎খাটেন‬ এবং সাময়িক বরখাস্ত হন। পরবর্তীতে তিনি আবারো যোগদানের পর ব্যাপক দূর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। 

বিষয়টি আঁচ করতে পেরে বর্তমান ম্যানেজিং কমিটি মাদ্রাসার আয়-ব্যয়ের সুষ্ঠু নিরীক্ষার জন্য উপজেলা সমবায় অফিসার এফএম সেলিম আখতারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠণ করেন।

কমিটির নেতৃবৃন্দ গত ২৫ মে চূড়ান্ত অডিট প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মাদ্রাসার অধিনস্থ খাল ইজারার অর্থ, বিদ্যুৎ বিল ও টিউশন ফি বাবদ ৪ লাখ ৭৫ হাজার ৮৮৭ টাকা আত্মসাত করেছেন মর্মে অডিটে উল্লেখ করা হয়। এছাড়াও পরবর্তীতে খাল ইজারা বাদ ৯৩ হাজার, ২৩ জন শিক্ষক নিয়োগের ব্যাংক ড্রাফট বাবদ ১১ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এ সব নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটি সভায় সকল সদস্যের উপস্থিতিতে অর্থ আত্মসাতের ঘটনায় অধ্যক্ষ আজহার আলীকে শোকজ করা হয়।

সর্বশেষ শনিবার পরিচালনা পর্ষদের বৈঠকে অধ্যক্ষ আজহার আলীকে সাময়িক বরখাস্ত এবং প্রভাষক নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গৃহিত হয় বলে পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান ও প্রতিষ্ঠাতা এবং উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী জানান।