Wednesday, November 30, 2016

পাইকগাছায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা; পিতা-পুত্রসহ আটক ৩

পাইকগাছায় পুর্ব শত্রুতার জের ধরে পুষ্পেন্দু বিকাশ মন্ডল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাতড়াবুনিয়া এলাকায় হত্যার এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্ত শেষে বুধবার বিকালে গ্রামের বাড়িতে মৃতদেহের সৎকার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। 

মৃত পুষ্পেন্দু বিকাশ মন্ডল
থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালি ইউপির বগুড়ার চক গ্রামের মৃত মৃনাল কান্তি মন্ডলের ছেলে পুষ্পেন্দু বিকাশ মন্ডল (৪০) সুড়িখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে পাতড়াবুনিয়া এলাকায় জনৈক রজব আলীর বাড়ির সন্নিকটে পৌছালে পুর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা পুষ্পেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পুষ্পেন্দুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ওই রাতেই ওসি মোঃ মারুফ আহম্মদ অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কয়রার চান্নিরচক গ্রামের শাহাজান গাজীর ছেলে শামীম গাজী (৩২) আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বগুলারচক গ্রামের মৃত বল্বব চন্দ্র মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল (৬০) ও তার ছেলে বিশ্বজিত মন্ডল (২৮) কে আটক করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী অনুভা রানী মন্ডল বাদী হয়ে আটক শামীম সহ ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেছে। যার নং- ২১, তাং- ৩০/১১/১৬ইং।

এ ব্যাপারে ওসি মারুফ আহম্মেদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে কিংবা পরকীয়া প্রেমের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

Tuesday, November 29, 2016

পাইকগাছা কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

ঐতিহ্যবাহি পাইকগাছা কলেজের পরিচালনা পর্ষদের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক বিনয় কুমার মন্ডল, ইংরেজী বিভাগের প্রভাষক মাসুদুর রহমান মন্টু ও প্রভাষক লিলিমা খাতুন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল জানিয়েছেন।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ৩ জন শিক্ষক প্রতিনিধি পরিচালনা পর্ষদের সদস্য মনোনিত হবেন। যার মধ্যে ২ জন পুরুষ শিক্ষক এবং একজন মহিলা শিক্ষক।

Monday, November 28, 2016

পাইকগাছার কৃতি সন্তান উপসচিব ড. শেখ মনিরুজ্জামান

খুলনার পাইকগাছা উপজেলার কৃতি সন্তান সিনিয়র সহকারী সচিব ড. শেখ মনিরুজ্জামান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব পদে পদোন্নতি লাভ করেছেন। তিনি বর্তমানে অর্থ মন্ত্রণালয়ে কর্মরত আছেন।
 
ইতিপূর্বে তিনি বিশ্বখ্যাত ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্স’ থেকে অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। এরপর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্বব্যাংকের সদর দপ্তরে পরামর্শক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া নিউইয়র্ক সিটিতে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে মহাসচিবের ক্লাইমেট চেন্জ সাপোর্ট টিমের সদস্য হিসেবে কাজ করেছেন।
 
উল্লেখ্য, ড. শেখ মনিরুজ্জামান পাইকগাছা কলেজের প্রাক্তন অধ্যক্ষ মরহুম শেখ ছানারউদ্দীন স্যারের জেষ্ঠ্য পুত্র।
 
'ভয়েস অফ পাইকগাছা'র পক্ষ থেকে এই কৃতি সন্তানকে অভিনন্দন !