Thursday, December 8, 2016

নিরবে পেরিয়ে গেল ৮টি বছর.... গুরুদাসী’র ৮ম প্রয়াণ দিবস আজ

দেশের জন্য সর্বস্ব বিলিয়ে দেওয়া মানুষটির কথা কেউ মনে রাখেনি। নিরবে পেরিয়ে গেছে ৮টি বছর। ৮ ডিসেম্বর ২০০৮, দিবাগত রাতে সকলের অগচরে না ফেরার দেশে চলে যান বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল। 
 
অথচ তাকে স্মরণ করার জন্য এগিয়ে আসেনি কোনো সামাজিক, রাজনৈতিক বক্তি বা সরকার। আজ অবধি ধরে রাখার চেষ্টা করা হয়নি তার শেষ স্মৃতি চিহ্ন ইহকালের আবাসস্থল।

বীরাঙ্গনা গুরুদাসী মন্ডল, তুমি পাইকগাছার গর্ব, ভুলবো না তোমায়। কিন্তু মাসি, তুমি হঠাৎ আর এসে বলবে না, ''কেমন আছিস বাবা ? ভালো আছিস তো ? দে কয়ডা টাহা দে, তোরা না দিলি পাব কনে ক।''

Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তোমাকে !
 

Thursday, December 1, 2016

এমপি নূরুল হকের পুত্র রফিক আর নেই

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হকের পুত্র শেখ মোঃ রফিকুল ইসলাম রফিক (৪৫) আর নেই। তিনি ব্রেন ষ্ট্রোকে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার (১লা ডিসেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউ’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

মরহুমের প্রথম জানাজা খুলনা ফারাজী পাড়াস্থ বাইতুল আমান জামে মসজিদে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এরপর বিকাল ৩টায় পাইকগাছার নিজ গ্রাম পুরাইকাটী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। 


উল্লেখ্য, মরহুম শেখ মোঃ রফিকুল ইসলাম রফিক গত ১ বছরেরও অধিক সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন।

Wednesday, November 30, 2016

পাইকগাছায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা; পিতা-পুত্রসহ আটক ৩

পাইকগাছায় পুর্ব শত্রুতার জের ধরে পুষ্পেন্দু বিকাশ মন্ডল নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পিতা-পুত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পাতড়াবুনিয়া এলাকায় হত্যার এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্ত শেষে বুধবার বিকালে গ্রামের বাড়িতে মৃতদেহের সৎকার করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। 

মৃত পুষ্পেন্দু বিকাশ মন্ডল
থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জেলার পাইকগাছা উপজেলার গড়ইখালি ইউপির বগুড়ার চক গ্রামের মৃত মৃনাল কান্তি মন্ডলের ছেলে পুষ্পেন্দু বিকাশ মন্ডল (৪০) সুড়িখালী বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় পথিমধ্যে পাতড়াবুনিয়া এলাকায় জনৈক রজব আলীর বাড়ির সন্নিকটে পৌছালে পুর্ব থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা পুষ্পেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে দুর্বৃত্তরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পুষ্পেন্দুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে ওই রাতেই ওসি মোঃ মারুফ আহম্মদ অভিযান চালিয়ে ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কয়রার চান্নিরচক গ্রামের শাহাজান গাজীর ছেলে শামীম গাজী (৩২) আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বগুলারচক গ্রামের মৃত বল্বব চন্দ্র মন্ডলের ছেলে বিধান চন্দ্র মন্ডল (৬০) ও তার ছেলে বিশ্বজিত মন্ডল (২৮) কে আটক করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী অনুভা রানী মন্ডল বাদী হয়ে আটক শামীম সহ ২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা করেছে। যার নং- ২১, তাং- ৩০/১১/১৬ইং।

এ ব্যাপারে ওসি মারুফ আহম্মেদ জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে কিংবা পরকীয়া প্রেমের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তবে সঠিক তদন্ত না করে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।