Friday, December 16, 2016

'ভয়েস অফ পাইকগাছা'র ৫ম বছরে পদার্পণ

আজ ১৬ই ডিসেম্বর 'ভয়েস অফ পাইকগাছা'র ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী। হাটি হাটি পা পা করে ৪টি বছর পার হয়ে গেলো। আজকে সময় পিছু ফিরে দেখার !!! ২০১২ সালের ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসের এক রৌদ্র মাখা সকাল ছিল 'ভয়েস অফ পাইকগাছা'র জন্মলগ্ন। জন্মলগ্ন থেকেই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে চলার চেষ্টা করেছি আমরা। 

১৪৬০ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা যুগিয়েছে।

একটি কর্মপরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। আমাদের লক্ষ্য ছিল পাঠক সংখ্যা বৃদ্ধি করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করা এবং পাঠকের সংবাদ তৃষ্ণাকে ত্বরান্বিত করা। এই লক্ষ্যে নিরলস কাজ করে গেছি।

প্রিয় পাঠক, ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকীর এই আলোকিত ভোরে আপনি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা আর অভিনন্দন গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিগত ৪ বছরের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা রাখি।

এই দিনে 'ভয়েস অফ পাইকগাছা'র ঘোষণা :: আমাদের প্রতিদিনের চেষ্টা থাকবে ইতিবাচক খবরকে আরও গুরুত্ব দেওয়া। ভালোই ডেকে আনবে আরও ভালোকে।

Wednesday, December 14, 2016

বিজয়ের মাসে পাইকগাছায় পতাকার ফেরিওয়ালা রিপন

বিজয়ের মাস উপলক্ষে পাইকগাছার পৌর বাজারের অলিগলিতে লাল সবুজের পতাকা বিক্রি করছেন ফেরিওয়ালা মোঃ রিপন হোসেন। ছোট বড় বিভিন্ন সাইজ ও মাপের লাল সবুজের জাতীয় পতাকা, হেড ও হ্যান্ড ব্যান্ডসহ বিভিন্ন বিজয় দিবসে ব্যবহার উপযোগী সামগ্রী বিক্রয় করছেন তিনি। আসন্ন বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রির পাশাপাশি ছোট ছেলে মেয়েরা হেড ব্যান্ড, হ্যান্ড ব্যান্ডসহ ছোট ছোট পতাকা ক্রয় করছে। 


রিপন জানান, তার বাড়ী মাদারীপুরে। গত সপ্তাহে তারা ১০/১২ জন খুলনা শহরে এসে বিভিন্ন ভাগে শহর ও উপজেলা শহরগুলিতে ফেরি করে পতাকা বিক্রি করছেন। বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পতাকা বিক্রি হয় বেশি। এর মধ্যে ডিসেম্বরে মহান বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মার্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকার চাহিদা থাকে। তারা প্রতিবছর এই কয়েক মাস দেশের বিভিন্ন জেলায় ফেরি করে পতাকা বিক্রি করেন।

-প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা।

Monday, December 12, 2016

পাইকগাছা সরঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ২০১৬

প্রিয় আঙিনায় আরেকবার.... মেতে উঠবো উৎসবে, ফিরে যাবো শৈশবে....


প্রথম বারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। পাইকগাছা পৌরসভাস্থ বিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে ১৯৭৮ থেকে ২০১৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

অনুষ্ঠান বিষয়ক তথ্য ও রেজিস্ট্রেশন জন্য ০১৭৭৮-৪৫৪২৬০ নাম্বারে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে। (রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১৮ ডিসেম্বর)

প্রিয় আঙিনায় আরেকবার.... মেতে উঠবো উৎসবে, ফিরে যাবো শৈশবে....
১৯৭৮ থেকে ২০০০ সালের ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা, ২০০১ থেকে ২০০৬ সালের শিক্ষার্থীদের ৮০০ টাকা এবং ২০০৭ থেকে ২০১৬ সালের শিক্ষার্থীদের ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আযোজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পুনর্মিলনী অনুষ্ঠানে কমপক্ষে ৩ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর সমাগম ঘটবে। দিনব্যাপী থাকবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।