Tuesday, December 20, 2016

পাইকগাছায় ঐতিহ্যবাহী হা-ডু-ডু ও নৌকা বাইচ অনুষ্ঠিত

পাইকগাছায় শাপলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে পৌরসভার ৬নং ওয়ার্ডের বাতিখালীস্থ বালুর মাঠে অনুষ্ঠিত হয় হা-ডু-ডু খেলা। পরে শিবসা নদীতে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪টি দলের মধ্যে ভিলেজ পাইকগাছা নৌকা বাইচ দল চ্যাম্পিয়ন হয়। রানার্স আপ হয় বাসাখালী নৌকা বাইচ দল। দীর্ঘদিন পর হাজারও দর্শক উপভোগ করেন হারিয়ে যাওয়া গ্রামীন হা-ডু-ডু খেলা ও নৌকা বাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে শাপলা স্পোর্টিং ক্লাবের সভাপতি বাবলু গাজীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, এসএম তৈয়েবুর রহমান, গাজী আব্দুস সালাম, কবিতা দাশ, মিরাজুল ইসলাম মিরাজ, শিক্ষক ইসমাইল হোসেন, রেজাউল করিম, নুরুল ইসলাম নান্নু, ক্লাবের সাধারণ সম্পাদক নূর ইসলাম সাওন, মোঃ রফি, শামিম হোসেন, কুদ্দুস গাজী, আসলাম পারভেজ সুমন ও শরিফুল ইসলাম।

Monday, December 19, 2016

পাইকগাছা সরঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী ৩১ ডিসেম্বর

ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের নির্ধারিত তারিখ (২৩ ডিসেম্বর) পরিবর্তন করে ৩১ ডিসেম্বর পুনঃনির্ধারণ করা হয়েছে। শীতকালীন ছুটির কারণে নির্ধারিত তারিখ পরিবর্তন করে আগামী ৩১ ডিসেম্বর শনিবার পুনর্মিলনী অনুষ্ঠানের দিন নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, প্রথম বারের মতো পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। আগামী ৩১ ডিসেম্বর শনিবার বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীদের এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। পাইকগাছা পৌরসভাস্থ বিদ্যালয়টির ক্যাম্পাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে ১৯৭৮ থেকে ২০১৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

অনুষ্ঠান বিষয়ক তথ্য ও রেজিস্ট্রেশন জন্য ০১৭৭৮-৪৫৪২৬০ নাম্বারে ফোন করে যোগাযোগ করতে বলা হয়েছে। (রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৪ ডিসেম্বর)

১৯৭৮ থেকে ২০০০ সালের ব্যাচের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ১ হাজার টাকা, ২০০১ থেকে ২০০৬ সালের শিক্ষার্থীদের ৮০০ টাকা এবং ২০০৭ থেকে ২০১৬ সালের শিক্ষার্থীদের ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

আযোজকরা জানিয়েছেন, অনুষ্ঠানের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং পুনর্মিলনী অনুষ্ঠানে কমপক্ষে ৩ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীর সমাগম ঘটবে। দিনব্যাপী থাকবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন।

Sunday, December 18, 2016

পাইকগাছার অনির্বাণ লাইব্রেরি পরিদর্শনে ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোঃ ফজলে রাব্বী মিয়া বলেছেন, মননশীল জাতি গঠনে লাইব্রেরির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য নতুন প্রজন্মের মধ্যে বাঙ্গালী সংস্কৃতির চেতনা জাগ্রত করতে হবে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ জাতি গঠনে সর্বত্র সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। এক্ষেত্রে অনির্বাণ লাইব্রেরি প্রত্যন্ত অঞ্চলে আলোকিত মানুষ গড়তে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে উল্লেখ করে ডেপুটি স্পিকার বলেন, প্রত্যন্ত গ্রামে একটি লাইব্রেরি ২৫ বছর পূর্ণ করেছে এটা সত্যই বিস্ময়কর। যেখানে নতুন প্রজন্ম বই পড়া থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, সেখানে অনির্বাণ লাইব্রেরি তথ্য-প্রযুক্তি শিক্ষা, খেলাধুলাসহ সামাজিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এভাবেই সারাদেশে লাইব্রেরি আন্দোলন গড়ে তুলতে হবে, আর সরকার এসকল বিষয়ে উৎসাহিত করছে বলেও তিনি উল্লেখ করেন। 

তিনি রোববার সন্ধ্যায় খুলনার পাইকগাছা উপজেলার প্রত্যন্ত গ্রাম মামুদকাটীর অনির্বাণ লাইব্রেরি পরিদর্শন শেষে মহান বিজয় দিবস উপলক্ষে লাইব্রেরি চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।



অনির্বাণ লাইব্রেরির সভাপতি সমীরণ দে’র সভাপতিত্বে ও লাইব্রেরির প্রতিষ্ঠাতা সদস্য সাংবাদিক নিখিল ভদ্রের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গাইবান্ধা ১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, মনিরামপুরের ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার। বক্তব্য রাখেন, অধ্যাপক নিমাই মন্ডল, অধ্যাপক যামিনী সরকার, অধ্যাপক অশোক ঘোষ, অধ্যাপক বিধান ভদ্র, প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, নীলিমা ঢালী, লাইব্রেরির সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ।

এরআগে তিনি প্রধান অতিথি হিসেবে অনির্বাণ লাইব্রেরির নির্মাণাধীন ভবনের ফলক উম্মোচন করেন। উল্লেখ্য, ১৯৯০ সালের ১০ ডিসেম্বর খুলনা জেলা সদর থেকে ৬০ কিলোমিটার দূরে পাইকগাছা উপজেলার মামুদকাটী গ্রামে কপোতাক্ষ নদের পাড়ে অনির্বাণ লাইব্রেরি স্থাপন করা হয়। লাইব্রেরিটি ২৫ বছর পূর্ণ করেছে। গত ৯ অক্টোবর বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে লাইব্রেরির রজত জয়ন্তী উদযাপন করা হয়।