Saturday, December 24, 2016

পাইকগাছায় ২০ ক্যাথলিক মিশনে বড়দিনের প্রস্তুতি সম্পন্ন

পাইকগাছায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। এ উপলক্ষে মিশনগুলোতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলার ২০টি ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। প্রতিবছরের ন্যায় এ বছরও পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক চার্চ, ফকিরাবাদ, লক্ষ্মীখোলা, চাঁদখালী, বেতবুনিয়া, রাড়ুলী ফোর-স্কয়ার, কাটিপাড়া ম্যাথডিষ্ট, গদাইপুর এসডিএ, মামুদকাটী এসডিএ, কাশিমনগর এসডিএ, কাশিমনগর লাইট অফ ক্রাইস্ট, সলুয়া এফসিসিবি, উলুডাঙ্গা এফসিসিবি, হরিঢালী ফোর-স্কয়ার, পুরাইকাটী এফসিসিবি, কাশিমনগর গ্রেস, মামুদকাটি গ্রেস ব্যাপঃ, উত্তর কাশিমনগর এফসিসিবি, কাটিপাড়া ও উলুডাঙ্গা ফ্রি ব্যাপটিষ্টসহ প্রতিটি চার্চে আয়োজন করা হয়েছে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পাইকগাছা পৌর সদরের কেন্দ্রীয় ক্যাথলিক মিশনে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী নানা কর্মসূচি। প্রতিটি গৃহ করে তোলা হয়েছে রঙ তুলির আঁচড় দিয়ে পরিপাটি। কেউ কেউ বিভিন্ন কারুকাজের মাধ্যমে নান্দনিক সাজে সাজিয়ে তুলেছেন বসতবাড়ী ও আঙ্গিনা। মেহেদী ও নতুন পোশাকে সেজেছে কিশোর-কিশোরী ও শিশুরা।

কেন্দ্রীয় ক্যাথলিক মিশনের শিশু দিয়ামনি ও সুষ্মিতা রোজারিও জানান, বড়দিন উপলক্ষে হাতে ও পায়ে মেহেদী দিয়েছি। রঙ তুলি দিয়ে নিপুন কারুকাজ করে বাড়ীর আঙ্গিনা পরিপাটি করা হয়েছে বলে কিশোরী তিন্নী মন্ডল ও গৃহবধু পৌল গাইন জানান। বসতবাড়ীর সামনে আলোক সজ্জিত ক্রীসমাষ্টট্রি (গাছ) স্থাপন করা হয়েছে বলে শাওন ও মারিয়া সরকার জানান। শাপলা ফুলের আকৃতির ন্যায় গোশালা তৈরী করা হয়েছে বলে সাগর সরকার জানিয়েছেন।

ইতোমধ্যে, মিশনগুলোতে গেইট, প্যান্ডেল ও আলোকসজ্জাসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে খ্রীষ্টান এ্যাসোসিয়েশন পাইকগাছা-কয়রার সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও জানিয়েছেন।

এদিকে ২০টি ক্যাথলিক চার্চের অনুকূলে সরকারি ভাবে সহায়তা হিসাবে ১০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানিয়েছেন।

পাখির চোখে পাইকগাছা পৌরসভাস্থ ক্যাথলিক মিশন

পরম পবিত্র ত্রিত্বের গীর্জা; পাইকগাছা ক্যাথলিক মিশন

Thursday, December 22, 2016

পাইকগাছায় ভোট কেন্দ্রে গুলিবর্ষণ ঘটনার তদন্ত সম্পন্ন

পাইকগাছায় ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রে গুলিবর্ষণের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে। বুধবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্ত কাজ সম্পন্ন করেন, তদন্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক।
 
ছবি :: প্রতীকী
উল্লেখ্য, চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে উপজেলা সোলাদানা ইউনিয়নের দীঘা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে প্রার্থীদের কর্মী ও সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে ভোট গ্রহণের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শৃংখলা বাহিনী সংশ্লিষ্ট কেন্দ্রে এক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রিটার্ণিং অফিসার বাদী হয়ে পাইকগাছা থানায় অজ্ঞাত নামা আসামী করে মামলা দায়ের করেন।

বুধবার সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে নির্বাচিত কাজে নিয়োজিত কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য ও প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ গ্রহণের মাধ্যমে গুলি বর্ষণ ঘটনার তদন্ত সম্পন্ন করেন ইউএনও নাহিদ-উল-মোস্তাক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক, রিটার্ণিং অফিসার ও (নির্বাচনকালীন) উপজেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার, প্রিজাইডিং অফিসার ও রূপালী ব্যাংক গড়ইখালী শাখার ব্যবস্থাপক হারুন-অর-রশিদ ও এসআই স্বপন রায়।