Monday, July 31, 2017

থ্রি কোয়ার্টার ও সানগ্লাস পরা নিয়ে কপিলমুনি কলেজে ছাত্রলীগের দু'গ্রুপের সংঘর্ষ

পাইকগাছার কপিলমুনি কলেজে বহিরাগত মেহেদি নামের এক যুবকের প্রবেশাধিকার নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছ। আহতদের খুলনা মেডিকেল কলেজ ও পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এসময় পরিস্থিতি ভয়াবহ রুপ নিলে খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ির পুলিশ কলেজ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে ছাত্রলীগের একটি পক্ষ দাবি করেছে।


পুলিশ, কলেজ কতৃপক্ষ ও ছাত্রলীগ সূত্র জানায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে কপিলমুনি কলেজে ছাত্রলীগের কলেজ কমিটির একটি অংশের সাথে ক্যাম্পাসে যায় উপজেলার রামনাথপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে মেহেদি নামের এক যুবক। এসময় তার পরনে থ্রি কোয়ার্টার প্যান্ট ও চোখে সানগ্লাস থাকায় তা দৃষ্টি কটু মনে হওয়ায় ছাত্রলীগের কপিলমুনি ইউনিয়ন কমিটির সভাপতি রাসেল তার গ্লাস খুলতে ও ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠানের শালিনতা বজায় রেখে ক্যাম্পাসে আসতে বলে।

এসময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে মেহেদি কলেজের দ্বিতীয় তলার ২নং কক্ষে প্রবেশ করলে উভয় গ্রুপের বাক-বিতন্ডা হাতাহাতির পর্যায়ে পৌছালে খবর পেয়ে কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল ঘটনাস্থলে যান। এমন অবস্থায় তিনি তাদের উভয় পক্ষকে গোলযোগ থেকে বিরত থাকতে অনুরোধ করলে তারা তার কোন কথায় কর্ণপাত না করে ধাক্কা-ধাক্কি করতে করতে নিচে নেমে আসে।

এক পর্যায়ে ছাত্রলীগের কলেজ ও ইউনিয়ন কমিটি উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে অনার্স প্রথম বর্ষের ছাত্র এখলাচুর রহমান আশিক নামের একজন গুরুতর আহত হয় বলে দাবি করেছে ইউনিয়ন কমিটি।

অন্যদিকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম দাবি করেন যে, আকরাম শেখ ও মুন্না নামে তাদের ২ জন আহত হয়েছে। আহতদের পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত আশিক ও মুন্নাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


কপিলমুনি ইউনিয় ছাত্রলীগের সভাপতি ও কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র রাসেল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি আহত সহপাঠীকে নিয়ে খুলনায় আছেন, পরে কথা বলবেন।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, বহিরাগত ইস্যু নিয়ে অপর গ্রুপ আকষ্মিক তাদের উপর এলোপাতাড়ি হামলা চালিয়ে আকরাম ও মুন্না নামে তাদের দু’সহপাঠীকে আহত করে। এনিয়ে তারা থানায় একটি এজাহার দিয়েছেন বলেও জানান তিনি।


কলেজের উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল ক্যাম্পাসে ছাত্রলীগের দু’টি গ্রুপের সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে পুলিশকে খবর দিলে কপিলমুনি ফাঁড়ি পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

কপিলমুনি কলেজের অধ্যক্ষ হাবিবুল্যা বাহার জানান, শারীরিক অসুস্থ্যতার কারণে সোমবার তিনি কলেজে উপস্থিত ছিলেননা। তবে মারামারির ঘটনা শুনেছেন।

--শেখ দীন মাহমুদ, কপিলমুনি, পাইকগাছা। 

Sunday, July 30, 2017

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্রের জন্মস্থান পাইকগাছায় শোকের মাতম

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র অমিতের জন্মস্থান পাইকগাছায় সৎকার করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তার মৃতদেহ গ্রামের বাড়িতে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অমিতকে শেষ দেখা দেখতে হাজার হাজার মানুষ ভীড় জমায় তার বাড়িতে। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের আহাজারীতে ভারী হয়ে ওঠে পরিবেশ। 

অমিত ভিলেজ পাইকগাছা গ্রামের অমীয় রঞ্জন সরকারের একমাত্র ছেলে। পিতা ডুমুরিয়ার শহীদ স্মৃতি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক। সেই সূত্রে অমিতের পরিবারের সবাই দীর্ঘদিন ধরে ডুমুরিয়ায় বসবাস করে আসছে। অমিত হরিণটানা শহীদ শেখ আবুল কাশেম কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। 

দুর্ঘটনার আগের দিন বিকালে সে খুলনায় বোনের বাসায় যায়। সেখান থেকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে কলেজ সংলগ্ন এলাকায় পৌছালে বাস ও ইজিবাইকের সঙ্গে দুর্ঘটনা ঘটলে সে মারাত্মক আহত হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। 

পরে সন্ধ্যা ৭টার দিকে তার মৃত দেহ গ্রামের বাড়ী আনা হয়। এ সময় প্রতিবেশী, আত্মীয়-স্বজন ও পিতা-মাতার আহাজারীতে শোকের ছায়া নেমে আসে এলাকায়। এদিন রাতেই অমিতের অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।  

Saturday, July 29, 2017

পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে এমপি নূরুল হকের সৌদি আরব গমন

খুলনা-৬ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক'সহ পরিবারে ৩ সদস্য পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন। তিনি ও তার পরিবার শনিবার সকাল ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান যোগে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন। সংসদ সদস্যের সাথে রয়েছেন তার বড়পুত্র শেখ মনিরুল ইসলাম ও পুত্রবধু। 



সময় স্বল্পতার কারণে তিনি দলীয় নেতাকর্মীসহ এলাকাবাসী অনেকের সাথে সাক্ষাত করে যেতে পারেনি। এজন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সাথে সুস্থ ও সুষ্ঠুভাবে পবিত্র হজ্জ পালন সম্পন্ন করতে পারেন এ জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।