Friday, November 10, 2017

বাড়িওয়ালাকে অচেতন করে ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে লাপাত্তা ভাড়াটিয়া

পাইকগাছায় ভাড়াটিয়া সেজে ঘর ভাড়া নিয়ে বাড়িওয়ালা পরিবারকে অচেতন করে নগদ টাকাসহ ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে প্রতারক চক্র। অচেতন একজনকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পাইকগাছা পৌরসভার ৭নং ওয়ার্ডের প্রয়াত এ্যাডঃ বিলাস চন্দ্র রায়ের বাড়ির নিচের তলায় তার স্ত্রী স্কুল শিক্ষিকা সাধনা রায় প্রতিবন্ধী জনৈক কালাম ও তার স্ত্রীকে এক সপ্তাহ পূর্বে ঘর ভাড়া দেন। ভাড়াটিয়া কালাম ও তার স্ত্রী বৃহস্পতিবার রাতে (বাড়ির মালিক সাধনা রায় তখন খাবার তৈরী করছিলেন) তাদেরকে জানায়, তাদের পরিচয়ের সমস্ত কাগজপত্র তারা শুক্রবার প্রদান করবেন। সুকৌশলে ঐ সময় রুটির সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে তারা নিজেদের ঘরে চলে যায়।

বাড়ির মালিক সাধনা রায়, মেয়ে সুস্মিতা রায়, বিশাখা ও শিশু পুত্র অসীম সরকার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে গভীর রাতে ভাড়াটিয়া প্রতারক চক্র দোতলার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে আলমারী খুলে নগদ ১৫ হাজার টাকা ও ২৫ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

শুক্রবার ভোর বেলায় বাড়ির মালিকদের কোন সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে অচেতন অবস্থায় সকলকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় বিশাখা (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় থানার ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করে এ ঘটনার জন্য বাড়ির মালিকদের দায়িত্বহীনতাকে দায়ি করেছেন। তিনি জানান, ভাড়াটিয়া সম্পর্কে পৌরসভায় মাইকিং ও সংশ্লিষ্ট কাউন্সিলরদের অবহিত করার পরেও বিনা তথ্যে কিভাবে ভাড়া দিলেন এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

Friday, November 3, 2017

পৌর সড়কের নির্মাণ কাজের উদ্বোধন; শত বছরের গ্যারান্টি মেয়রের

পাইকগাছায় ১০০ বছরের গ্যারান্টি দিয়ে নির্মাণাধীন আরসিসি সড়কের উদ্বোধন করেছেন মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর। তিনি শুক্রবার সকালে পৌরসভার জনগুরুত্বপূর্ণ পৌর বাজার থেকে মৎস্য আড়ৎদারী মার্কেট সড়কের মধ্যবর্তী স্থানে নির্মাণাধীন আরসিসি স্টোন চিপস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৬ ইঞ্চি উচ্চতা ১৬ ফুট প্রস্থ ও সাড়ে ৪শ ফুট দৈর্ঘের সড়ক নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ১২ হাজার টাকা।
উদ্বোধন শেষে মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, সড়কটি পৌর এলাকার সবচেয়ে জনগুরুত্বপূর্ণ, এ জন্য ১০০ বছরের গ্যারান্টি সহকারে সর্বোচ্চ মান বজায় রেখে সড়কটি নির্মাণ করা হচ্ছে।

পাইকগাছায় ছিনতাইকারীর হামলায় আহত ২

পাইকগাছায় ছিনতাই চেষ্টা কালে ছিনতাইকারীদের হামলায় মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নাকশা স্কুলের সামনে হামলা ও ছিনতাই চেষ্টার এ ঘটনা ঘটে।
বাসমালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম জানান, আমাদের বাস মালিক সমিতির একটি বাস কয়রায় নষ্ট হয়ে পড়ে, পরে বারইডাঙ্গা গ্রামের মুলতান গাজীর ছেলে মোটরসাইকেল চালক সামিরুল গাজী (২৮) ও সিলেমানপুর গ্রামের মৃত সায়েদ মোড়লের ছেলে ম্যাকানিক শফিকুল ইসলাম (২৬) বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়রা যায়। গাড়ি মেরামত শেষে রাত ১টার দিকে বাড়ী ফিরে আসার সময় চাঁদখালী ইউনিয়নের ধামরাইল স্কুলের সামনে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তাদেরকে আটকায়।
পরে তারা ঘুরে যাওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাদেরকে ধাওয়া করে নাকশা স্কুলের সামনে পৌছালে সেখানে লোহার রড দিয়ে পিটিয়ে মোটরসাইকেল চালক সামিরুল ও আরোহী শফিকুল কে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।