Tuesday, December 19, 2017

ভোমরায় ট্রাক চাপায় নিহত পাইকগাছার উজ্জ্বল; আহত কাউন্সিলর রবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দ‌রে নিয়ন্ত্রণ হারিয়ে ভারতীয় একটি ট্রাক চায়ের দোকানকে চাপা দেওয়ায় পাইকগাছা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উজ্জ্বল সরদার ঘটনাস্থলেই নিহত হ‌য়ে‌ছেন। গুরুতর আহত হ‌য়ে‌ছেন পাইকগাছা পৌরসভার ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর রবি শংকর মন্ডল'সহ ৩ জন।

মঙ্গলবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে ভোমরা বন্দ‌রের সোনালী ট্রান্স‌পো‌র্টের সাম‌নে এ দুর্ঘটনা ঘ‌টে।

উজ্জ্বল সরদার ও রবি শংকর মন্ডল
সূত্র জানায়, ঘটনার দিন মঙ্গলবার কাউন্সিলর রবি শংকর মন্ডল তার বন্ধু উজ্জ্বল সরদারকে সাথে নিয়ে মোটরসাইকেলযোগে সাতক্ষীরার ভোমরায় যান। সন্ধ্যার পর ভোমরার একটি চায়ের দোকানের সামনে মোটরসাইকেলটি রেখে তারা দু'জনই চা পান করছিলেন। এমন সময় একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বলের মৃত্যু হয় এবং কাউন্সিলর রবি শংকরের হাত-পা ভেঙ্গে গুরুতর আহত হয়।

ভোমরা ই‌মি‌গ্রেশন পু‌লি‌শের উপপ‌রিদর্শক (এসআই) জু‌য়েল জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি উল্টে সড়‌কের পাশে জাহাঙ্গীর নামে এক ব্যক্তির চা‌য়ের দো‌কা‌নকে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থলেই নিহত হয় উজ্জ্বল সরদার (৩০) আর গুরুতর আহত হয় রবি শংকর (৩০) সহ ৩ জন। আহত রবিকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল এবং পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালে আহত কাউন্সিলর রবি শংকর মন্ডল
উজ্জ্বলের মর্মান্তিক মৃত্যুর সংবাদে পাইকগাছা পৌর সদরের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত উজ্জ্বল সরদার

আরও পড়ুন :: বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর

Monday, December 18, 2017

পাইকগাছায় ফেনসিডিলসহ আটক ২

পাইকগাছা পৌর সদরের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। রবিবার এসআই আবু সাঈদ গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের বাবু গাইনের বাড়ি থেকে ভাড়াটিয়া প্রফুল্ল মান্নার ছেলে পল্লব মান্না বাবু (৪৫) ও রমেছা বেগম ওরফে মঞ্জুয়ারা (৩৫) নামে এক গৃহবধূকে ৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করেন।


অটক পল্লব ভাড়াটিয়া হিসেবে সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। তার বাড়ি যশোরে। অন্যদিকে মঞ্জুয়ারা পাটকেলঘাটার তেচ্ছি গ্রামের ঠিকানা দিলেও পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, এরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন।

Saturday, December 16, 2017

'ভয়েস অফ পাইকগাছা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী | আজকে সময় পিছু ফিরে দেখার

আজ ১৬ই ডিসেম্বর 'ভয়েস অফ পাইকগাছা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী। হাটি হাটি পা পা করে ৫টি বছর পার হয়ে গেলো। আজকে সময় পিছু ফিরে দেখার। ২০১২ সালের ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবসের এক রৌদ্র মাখা সকাল ছিল 'ভয়েস অফ পাইকগাছা'র জন্মলগ্ন। জন্মলগ্ন থেকেই ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করে সামনে এগিয়ে চলার চেষ্টা করেছি আমরা। 

১৮২৫ দিনের এই দীর্ঘ পথ চলা সহজ ছিল না। অনেক বন্ধুর পথ অতিক্রম করতে হয়েছে। কিন্তু আপনাদের ভালোবাসাই আমাদের নতুন উদ্দমে পথ চলার অনুপ্রেরনা যুগিয়েছে।


একটি কর্মপরিকল্পনা নিয়ে যাত্রা শুরু করেছিলাম আমরা। আমাদের লক্ষ্য ছিল পাঠক সংখ্যা বৃদ্ধি করা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গ্রহণযোগ্যতা অর্জন করা এবং পাঠকের সংবাদ তৃষ্ণাকে ত্বরান্বিত করা। এই লক্ষ্যে নিরলস কাজ করে গেছি।

প্রিয় পাঠক, ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আপনি আমাদের ভালোবাসা, কৃতজ্ঞতা আর অভিনন্দন গ্রহণ করুন। অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বিগত ৫ বছরের মত, সামনের দিন গুলিতেও আপনাদের ভালোবাসায় সিক্ত হওয়ার আশা রাখি।

এই দিনে 'ভয়েস অফ পাইকগাছা'র ঘোষণা :: আমাদের প্রতিদিনের চেষ্টা থাকবে ইতিবাচক খবরকে আরও গুরুত্ব দেওয়া। ভালোই ডেকে আনবে আরও ভালোকে।