Wednesday, April 17, 2013

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পাইকগাছায় সংখ্যালঘু পরিবারের উপর হামলায় ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে পাইকগাছা নাগরিক কমিটি দেলুটি ইউনিয়ন শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

বুধবার দুপুরে দেলুটি জিরবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি প্রভাষ সরকারের সভাপতিত্বে কর্মসূচীকে প্রধান অতিথি ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, শুকৃতি রায়, গুরুদাস রায়, কমরেড শিশির সরকার, কৃষ্ণপদ রায়, প্রদিপ গোলদার, বিউটি রায়, প্রভাষী সরকার, শ্যামল সরদার, শিখা সরদার, ও রিংকু সরদার।

সভায় বক্তারা বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবী জানান। পরে নাগরিক কমিটির সভাপতিসহ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ বাড়ীঘর পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্থরা কান্নায় ভেঙ্গে পড়েন।


পাইকগাছায় মুজিবনগর দিবসের র‌্যালী ও আলোচনা সভা

পাইকগাছায় ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, বক্তব্য রাখেন-সেক্টর কমান্ডার্স ফোরাম ৭১ এর সভাপতি মুক্তিযোদ্ধা শেখ শাহাদাঃ হোসেন বাচ্চু, আনোয়ার ইকবাল মন্টু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, অধ্যাপক আজহারুল ইসলাম, শিক্ষক অপু বিশ্বাস, শংকর কুমার মন্ডল। পরিচালনা করেন প্রভাষক ময়নুল ইসলাম ও প্রভাষক মাসুদুর রহমান মন্টু।


১৯ এপ্রিলের এইচএসসি পরীক্ষা ৩ মে

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের দাবির মুখে অবশেষে ১৯ এপ্রিলের পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, “বুধবার আন্ত:শিক্ষা বোর্ডের সভায় এ সিদ্ধ‍ান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৯ এপ্রিলের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩ মে অনুষ্ঠিত হবে।” ১৯ এপ্রিলের সকালের পরীক্ষাগুলো ৩ মে সকাল ৯টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং বিকেলের পরীক্ষাগুলো ৩ মে দুপুর ২টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত চলবে।