Sunday, April 21, 2013

পাইকগাছায় দুই শিক্ষককে দুই বছরের জন্য বহিস্কার

পাইকগাছায় চলমান এইচ এস সি পরীক্ষায় শিক্ষার্থীদের সরাসরি নকল কাজে সহযোগীতা করার অপরাধে দুই শিক্ষককে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অধ্যক্ষসহ অপর এক শিক্ষককে পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ এবং পরীক্ষা কেন্দ্রের কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, উপজেলার আর,কে বি,কে হরিশচন্দ্র কলেজিয়েট স্কুল কেন্দ্রে রবিবার চলমান এইচএসসি'র পৌরনীতি ২য় পত্রের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নকল কাজে সরাসরি জড়িত থাকার অপরাধে চাঁদখালী কলেজের প্রভাষক জুলফিকার ইসলাম এবং এ কাজে সহযোগীতা করার অপরাধে আর কে বি কে কলেজিয়েটের প্রভাষক ইনতাজ আলীকে দু’বছরের জন্য বহিস্কার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ঠ কলেজিয়েটের অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ এবং প্রভাষক লুৎফর রহমানকে পরীক্ষা চলাকালে কেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করেছেন সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষ।

পরীক্ষা কেন্দ্র কমিটির চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ুর রহমান জানান খবর পেয়ে পরীক্ষা কেন্দ্রে এসে ঘটনার সত্যতা পেয়ে জড়িতদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহন করি। তিনি আরো জানান সংশ্লিষ্ঠ পরীক্ষা কেন্দ্রের কমিটি ভেঙ্গে দিয়ে আব্দুল মাজেদ সরদারকে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

পাইকগাছায় নসিমন-করিমন বন্ধের দাবী বাস শ্রমিক নেতৃবৃন্দের

পাইকগাছার মেইন সড়কে অবৈধ যাত্রীবাহি নসিমন, করিমন চলাচল বন্ধ করা না হলে সোমবার থেকে কঠোর কর্মসূচীর ঘোষনা দিবেন খুলনা বাস মিনিবাস মালিক সমিতি। সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন তাদের দাবী মানা না হলে সড়কে তারা যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখবেন। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন সড়কে যন্ত্রচালিত অবৈধ নসিমন, করিমনে প্রায়ই দূর্ঘটনা কবলে পড়ে মানুষের জীবন হানি হচ্ছে আবার কেউ পঙ্গুত্ব বরন করে বেঁচে আছে। এ নিয়ে বিভিন্ন সময় বাস মালিক সমিতি এ অবৈধ যানচলাচল বন্ধের জন্য দাবী জানিয়ে আসছে।

সর্বশেষ এ নিয়ে শনিবার সকালে উপজেলার জিরো পয়েন্টে বাস শ্রমিক ও নসিমন চালকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

এদিকে স্থানীয় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রধান সড়কে নসিমন, করিমন বন্ধ করা না হলে কঠোর কর্মসূচীর দেবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে শ্রমিক নেতাদের দাবীর প্রেক্ষিতে থানা পুলিশ অবৈধ যানচলাচল বন্ধের প্রতিশ্রুতি প্রদান করলে গত ২৪ ঘন্টায় ওসির নির্দেশনা কার্যকর হয়নি বলে অভিযোগ করেছেন সমিতির আঞ্চলিক সভাপতি অধ্যাপক আজিজুর রহমান ও লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম।

থানার ওসি শেখ আবু বকর সিদ্দিক জানিয়েছেন পাইকগাছা, কপিলমুনি প্রধান সড়কে রবিবার থেকে যাত্রীবাহি নসিমন, করিমন অপসারণের জন্য পুলিশি অভিযান চলছে।

পাইকগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

পাইকগাছার পল্লীতে পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে উপজেলার লস্কর গ্রামে। পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার লস্কর গ্রামের আনিসুর রহমানের স্ত্রী রান্নাঘরে রান্না করতে থাকে। এসময় তার ২ বছরের শিশুকন্যা ফাতেমা খাতুন খেলা করার সময় পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। রান্না শেষে খোজাখুজির এক পর্যায়ে তার বড় কাকি পুকুরের ফাতেমার লাশ ভাসতে দেখে।

এসময় ফাতেমা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। শিশু মৃত্যুর ঘটনায় তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।