Tuesday, May 7, 2013

বুধ ও বৃহস্পতিবার ১৮ দলের হরতাল

আগামী বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল ডেকেছে ১৮ দলীয় জোট। এ দুই দিনের প্রতিদিন সকাল ৬টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।

সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও জোট নেতাদের বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটর সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ ঘোষণা দেন। তিনি বলেন, “হেফাজতে ইসলামের ওপর পুলিশের হামলা ও বিরোধী দলীয় নেতাকর্মীদের নির্যাতনের প্রতিবাদ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও সরকারের পদত্যাগের দাবিতে ১৮ দলীয় জোট এ হরতাল করবে।”

Monday, May 6, 2013

পাইকগাছায় নসিমন, করিমন বন্ধের দাবীতে শ্রমিক ধর্মঘট

পাইকগাছায় নসিমন, করিমন বন্ধের দাবীতে বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাংচুর করার মধ্য দিয়ে ধর্মঘট পালন করেছে সাধারণ শ্রমিকরা। সোমবার সকালে খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ শ্রমিকরা সকাল থেকেই প্রধান সড়কের জিরো পয়েন্ট নামকস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এসময় উত্তেজিত শ্রমিকরা লাঠি,সোটা নিয়ে বিভিন্ন স্থান থেকে আসা নসিমন, করিমন, মাহেন্দ্র চালকদের ধাওয়া করে অনেককে ধরে মারপিটও করে। 


অবরোধ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা দিনাজপুর-ট-৯৫৭১ নং একটি বাঁশ বোঝাই একটি ট্রাকের গ্লাস ভাংচুর করে। এছাড়াও কয়েকটি ইজিবাইক ও মাহেন্দ্র ভাংচুর করে। ফলে কোন যানবাহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। বিশেষ করে সবচেয়ে বিপাকে পড়ে শ্রমজীবী মানুষরা। দেশের বিভিন্নস্থানে কর্মস্থলে যোগ দেয়ার উদ্দেশ্যে অসংখ্য শ্রমজীবী মানুষকে পায়ে হেঁটে যেতে দেখা যায়।

উল্লেখ্য, একই দাবীতে গত রোব ও সোমবার বাস মালিক সমিতি খুলনার ১৮টি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। মূল দাবী থেকে মালিক সমিতি সরে যাওয়ার অভিযোগ এনে সাধারণ শ্রমিকরা এ ধর্মঘট পালন করে বলে শ্রমিক নেতা শামছুর রহমান টুলু জানান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও ভাংচুরের বিষয়টি তারা অস্বীকার করেন।

উপজেলা চেয়ারম্যানের ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শন

পাইকগাছায় ভূমি অফিসের কার্যক্রম গতিশীল ও সরকারি খাস সম্পত্তি সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে আকষ্মিকভাবে ভূমি অফিস পরিদর্শন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান। তিনি সোমবার সকাল ১০টার দিকে দপ্তর পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।