Friday, September 13, 2013

“আপনারা কেমন আছেন ? একটি অন্তঃরঙ্গ সংলাপ”

পাইকগাছায় বক্তারা বলেছেন, সরকার উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজার বিধান এবং এ বিচার ব্যবস্থায় তাৎক্ষনিক জামিনের ব্যবস্থা না থাকায় বর্তমানে দেশে ইভটিজিং-এর প্রবণতা কমেছে। এরপরও পরিবারের অসচেতনতা, সুশিক্ষার অভাব ও আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ব্যহত হচ্ছে নারীর অগ্রযাত্রা। বন্ধ হচ্ছে না, ইভটিজিং, বাল্য বিবাহ, ধর্ষণ ও এসিড নিক্ষেপের মত সামাজিক অপরাধ।

এ অবস্থা থেকে উত্তরণে বক্তারা প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। বক্তারা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও উপজেলা প্রশাসন আয়োজিত “আপনারা কেমন আছেন ? একটি অন্তঃরঙ্গ সংলাপ” অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনায় এ সব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. মোঃ আব্দুল হাকিম। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার (গাজীপুর) সাবিনা ইয়াসমিন মালা, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল।

বক্তব্য রাখেন, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রধান শিক্ষক অপু মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, সহ-সভাপতি আব্দুল আজিজ, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, লিলিমা খাতুন, মাহবুবা খাতুন, ইউপি সদস্য দিপ্তি চক্রবর্তী, ইতিকা চক্রবর্তী ও সাধনা রাণী। উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বর্তমান সামাজিক অবস্থার উপর “কুসুমের আত্মকথা” ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পাইকগাছায় ই.এন.ও. কার্যালয়ে অটো টেম্পু শ্রমিকদের অবস্থান কর্মসূচী

পাইকগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিয়ে পাইকগাছা-কপিলমুনি রুটে অবিলম্বে অটো টেম্পু ও অটো রিক্সা চলাচলের দাবী জানিয়েছে ভূক্তভোগী শ্রমিকরা। প্রায় ঘণ্টা খানেক সময় অবস্থান নেয়ার পর প্রশাসনের আশ্বস্তের প্রেক্ষিতে কর্মসূচী প্রত্যাহার করা হয়।

জানা যায়, গত প্রায় দু’সপ্তাহ ধরে বাসশ্রমিকদের নিষেধাজ্ঞার ফলে পাইকগাছা-কপিলমুনি রুটে অটো টেম্পু ও অটো রিক্সা চলাচল বন্ধ রয়েছে। এ সময়কালে ভূক্তভোগী অটো টেম্পু শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। না পারছে পরিবারের আহার যোগাতে, না পারছে গাড়ীর টাকার কিস্তি পরিশোধ করতে।

ইতোমধ্যে ভূক্তভোগী শ্রমিকরা সড়ক অবরোধ, স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করলেও বিষয়টি সুরাহা না হওয়ায় সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে শত শত অটো টেম্পু শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান নিলে বিপাকে পড়েন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আব্দুল হাকিম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা, উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমান, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম আশ্বস্ত করলে ভূক্তভোগী শ্রমিকরা অবস্থান কর্মসূচী প্রত্যাহার করে নেয়।

বিরাজমান এ সমস্যাটি নিয়ে বাস ও অটো টেম্পু শ্রমিকদের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে। সমস্যাটি দ্রুত সমাধান না হলে যে কোন মুহুর্তে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটতে পারে বলে আশংকা করা হচ্ছে।

পাইকগাছায় বিকাশের ভুয়া এসএমএস-এ টাকা উত্তোলনকালে আটক ১

পাইকগাছায় ভুয়া এসএমএস’র মাধ্যমে বিকাশ কেন্দ্র থেকে টাকা উত্তোলনের সময় সুজিত মন্ডল নামে এক ব্যক্তিকে হাতে-নাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে এলাকায় এ ধরণের কাজ করে আসছে।

জানা যায়, উপজেলার খড়িয়া ভড়েঙ্গারচক গ্রামের অটল মন্ডলের পুত্র সুজিত মন্ডল (৪১) বোয়ালিয়াস্থ ব্লুস্টার হ্যাচারীতে কর্মচারী হিসেবে কর্মরত রয়েছে। ঘটনার দিন, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একই এলাকার (প্রতিবেশী ভাই) বিমল মন্ডলের পুত্র প্রভাত ওরফে কিনা ঢাকা থেকে সুজিতকে ফোন করে বিকাশ কেন্দ্র থেকে ১৬ হাজার টাকা উত্তোলনের কথা বলে।

পরবর্তীতে সে উপজেলা সদরস্থ হক মার্কেটের সহিল এন্টারপ্রাইজ (বিকাশ কেন্দ্র) পৌছালে ঢাকা থেকে প্রভাত নামের ঐ ভাই ০১৮৪২-২২২১২১ নম্বর থেকে সহিল এন্টারপ্রাইজের ব্যক্তিগত বিকাশ নম্বরে ১৬ হাজার টাকার এসএমএস পাঠায়। পরে টাকা উত্তোলনের সময় এসএমএসটি ভুয়া প্রমাণিত হওয়ায় স্থানীয় জনতা সুজিতকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ব্যাপারে এসএমএস-এ ১৬ হাজার টাকা থাকলেও ব্যালেন্সে কোন টাকা যোগ হয়নি বলে এন্টারপ্রাইজের নাজমুল হোসেন জানান।

ইতোপূর্বে কেশবপুরের এক ব্যক্তি এভাবেই ১০ হাজার টাকা উত্তোলনের চেষ্টা করে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখাপর্যন্ত আটক সুজিত থানা হেফাজতে ছিল।