Tuesday, September 17, 2013

বুধ ও বৃহস্পতিবার জামায়াতের হরতাল

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে আগামী বুধ ও বৃহস্পতিবার টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে জামায়াত। 

মঙ্গলবার দুপুরে দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের জুলুম, নির্যাতন, নিপীড়ন, গণহত্যা, গণগ্রেপ্তারের প্রতিবাদে ও আব্দুল কাদের মোল্লাসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ১৮ ও ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালনের আহ্বান করা হচ্ছে।

ইবিতে ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর থেকে শুরু হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পরীক্ষা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

মোবাইল অপারেটর টেলিটক-এ SMS এর মাধ্যমে আগামী ২৮ সেপ্টেম্বর হতে ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন জমা নেয়া হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যাবলী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট www.iubd.netwww.iu.ac.bd এ জানা যাবে।

উল্লেখ্য, এ বছর ২২টি বিভাগের ৮টি ইউনিটে ১৪৬৫ আসনে ভর্তির জন্য পরীক্ষা গ্রহণ করা হবে বলে একাডেমিক অফিস সূত্রে জানা গেছে।

পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে জখম

পাইকগাছায় সন্ত্রাসীরা এক মৎস্য ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। আহত ব্যবসায়ী অরুন বিশ্বাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। 

জানা যায়, উপজেলার রাড়ুলী বাগ গ্রামের অক্কুর বিশ্বাসের পুত্র অরুন বিশ্বাস (৫০) ঘটনার দিন রোববার রাত ৯টার দিকে বাজার থেকে সাইকেলযোগে বাড়ী ফেরার সময় বালিস পুকুর নামকস্থানে পৌছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৬/৭ জন মুখোশধারী সন্ত্রাসী অরুনের উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে।

এ সময় সে চিৎকার দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আহত’র পক্ষে থানায় মামলার প্রস্তুতি চলছিল।