Wednesday, November 20, 2013

ভিনগ্রহ থেকেই এসেছে মানুষ !

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব বলে যারা নিজেদের দাবি করে, সেই মানুষ নাকি আসলে এ গ্রহের প্রাণীই নয়! মার্কিন পরিবেশবিদ অ্যালিস সিলভারের লেখায় উঠে আসছে এমনই চমকপ্রদ তথ্য৷

অ্যালিস তার নতুন বই 'হিউম্যানস আর নট ফ্রম আর্থ: অ্যা সায়েন্টিফিক ইভোলিউশন অব দ্য এভিডেন্স' বইয়ে দাবি করেছেন, মানুষ পৃথিবীর জীবই নয় বরং ভিনগ্রহের প্রাণী৷ বহু বছর আগে ভিনগ্রহের কিছু প্রাণী পৃথিবীতে এসেছিল৷ তাদের সঙ্গেই নাকি পৃথিবীতে আসে মানুষ৷ জনাকয়েক মানুষ এ গ্রহে রেখে বাকিরা নিজেদের গ্রহে ফিরে যায়৷
 

শুনে অবাস্তব মনে হলেও অ্যালিস তার দাবির ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী৷ এর স্বপক্ষে একাধিক প্রমাণও দিয়েছেন তিনি৷ অ্যালিসের দাবি, কম মাধ্যাকর্ষণ শক্তিবিশিষ্ট কোনও গ্রহেই জন্ম মানুষের৷ তাই পৃথিবীর মাধ্যাকর্ষণের সঙ্গে মানিয়ে নিতে পারে না তারা৷ অধিকাংশ মানুষই তাই পিঠ ও কোমর ব্যথায় ভোগে৷

তিনি মনে করেন, ভিনগ্রহের উন্নত প্রজাতিকে পৃথিবীতে আনা হয়েছিল, তাই মানুষই এই গ্রহের সবচেয়ে উন্নত জীব৷ কিন্ত্ত পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি তারা৷ সূর্যের আলোয় তারা ক্ষতিগ্রস্ত হয়৷ প্রকৃতির বুকে স্বাভাবিক ভাবে যে সমস্ত খাবার-দাবার পাওয়া যায়, তা মানুষের পছন্দ হয় না৷ তাই খুব সহজেই ক্রনিক রোগে আক্রান্তও হয়ে পড়ে৷

এ প্রসঙ্গে শিশুর জন্মের উদাহরণও দিয়েছেন অ্যালিস৷ তিনি বলেন, ‘মানব শিশুর জন্মের সময় মাথাটা এতই বড় হয় যে অনেক সময় মায়েদের প্রসবকালীন বিভিন্ন জটিলতা দেখা দেয়৷ কখনও আবার মা ও শিশুর প্রাণহানিও ঘটে থাকে৷’

অ্যালিসের দাবি, পৃথিবীর আর কোনও প্রজাতির প্রাণীর ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা যায় না৷ টিকটিকির মতো বেশ কিছু সরীসৃপ দিনের পর দিন রোদে থাকলেও তাদের ত্বকে কোনও ক্ষতি হয় না৷ অথচ মানুষ কয়েক দিন টানা 'সানবাথ' (সূর্যস্নান) নিলে, অধিকাংশ ক্ষেত্রেই তার ত্বকে সমস্যা দেখা দেয়৷

এমনকি মানুষের বডিক্লক দিনে ২৫ ঘণ্টার ভিত্তিতে তৈরি৷ পৃথিবীর সময়ের হিসেবের সঙ্গে তা মেলে না বলেই প্রায়ই অসুস্থ হয়ে পড়ে মানুষ৷ মানবজাতির ইতিহাস পর্যালোচনা করলেও এমন ভুরি ভুরি প্রমাণ মিলবে বলে দাবি করেন অ্যালিস৷

কিন্তু উন্নত প্রজাতির মানুষকে তবে হঠাৎ কম উন্নত গ্রহে এনে ছেড়ে দেয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবে অ্যালিস বলেন, ‘পৃথিবীতে মানুষের আবির্ভাব অনেকটাই দ্বীপান্তরে নির্বাসনের মতো৷ ভিনগ্রহের প্রাণীদের কাছে পৃথিবী অনেকটা জেলখানার মতো৷ প্রকৃতিগত ভাবে মানুষ খুবই হিংস্র৷ তাই সঠিক আচার-আচরণ শিখতেই পৃথিবীতে নির্বাসনে পাঠানো হয় তাদের৷’

নিজের এই বই যে বিতর্ক তৈরি করবে, সে বিষয়েও ওয়াকিবহাল এই মার্কিন পরিবেশবিদ৷ বিতর্ককে তাই রীতিমতো স্বাগতও জানিয়েছেন তিনি৷ অ্যালিসের ধারণা, তার তথ্যকেই সত্যি বলে ধরে না নিয়ে মানুষ যদি তা নিয়ে চিন্তাভাবনা শুরু করে, তবে তার দাবির স্বপক্ষে আরও প্রমাণ মিলতে পারে৷ খুলে যেতে পারে বিজ্ঞানে এক নতুন দিগন্তও৷

Tuesday, November 19, 2013

রবিবার থেকে সপ্তাহব্যাপী হরতাল !

হরতাল আসছে দীর্ঘ মেয়াদে ! আজ মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাক্ষাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক নিয়ে যদি কোন ইতিবাচক সাড়া না পেলে তার দল ও জোট টানা হরতালের ঘোষণা দেবেন।

দলীয় সূত্রমতে, ইতিমধ্যে জোটের নীতি-নির্ধারণ মহলে আগামী রোববার থেকে বৃহস্পতিবার টানা হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। এজন্য কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত কর্মীদের এলার্টও করা হয়েছে। হরতালের ঘোষণাটি আগামী বৃহস্পতি বা শুক্রবারে দেয়া হতে পারে।

পাইকগাছায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম; ছুরিসহ ছিনতাইকারী আটক

পাইকগাছায় ছিনতাইকালে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগে পুলিশ ছিনতাইকারীকে আটক করেছে। আহত ব্যবসায়ীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীর স্বীকারোক্তি মোতাবেক একটি ধানক্ষেত থেকে ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে।
 
থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার হরিঢালী গ্রামের মোঃ আরশাদ গাজীর পুত্র শরিফুল ইসলাম (২৮) এর গদাইপুরের নতুন বাজারে একটি বেকারীর দোকান রয়েছে। ঘটনার দিন সোমবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ী যাওয়ার পথে মাহমুদকাটি নামক স্থানে পৌছালে পূর্ব থেকে ওৎপেতে থাকা আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের ইশারত হালদারের পুত্র ছিনতাইকারী মোস্তাকিম (১৯) ব্যবসায়ী শরিফুল’এর গতিরোধ করে মটরসাইকেল ছিনতাইয়ের চেষ্ঠা করলে উভয়ের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ছিনতাইকারী তার কাছে থাকা ছুরি দিয়ে শরিফুলকে কুপিয়ে জখম করে।

এসময় চিৎকার দিলে পাশ্ববর্তী লোকজন ছুটে আসলে ছিনতাইকারী পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত শরিফুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় থানার এসআই হারুন অভিযান চালিয়ে ওই রাতেই মামা আলম সরদারের দক্ষিন সলুয়া বাড়ী থেকে ছিনতাইকারী মোস্তাকিমকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মঙ্গলবার দুপুর দেড়টার দিকে দক্ষিন সলুয়া শিকদার মোড়ের সত্যসাধুর ধানক্ষেত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।

এ ঘটনায় ব্যবসায়ী শরিফুলের ভাই কবিরুল ইসলাম বাদী হয়ে মোস্তাকিমসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামী করে মামলা করেছে বলে থানার ওসি এম মসিউর রহমান জানান।