Wednesday, December 11, 2013

পল্লী বিদ্যুৎ অফিসের সামনেই সড়কের মাঝামাঝি স্থানে বিদ্যুতের খুঁটি !

রাতের বেলা পথ চলতে হঠাৎ আঘাত প্রাপ্ত হয়েই সামনে আবিষ্কার করলেন ঠায় দাড়িয়ে থাকা বিদ্যুতের খুটি ! অথবা দ্রুত গতিতে অগ্রসরমান কোন সাইকের আরোহী বিপরীত দিক থেকে আসা কোন যানবাহনকে জায়গা দিতে গিয়ে সংঘর্ষে জড়ালেন সেই একই বিদ্যুতের খুটির সাথে !

ঠিক এমন ঘটনারই জন্ম দিচ্ছে পাইকগাছা পৌরসভার ৯ নং ওয়ার্ডে পল্লী বিদ্যুৎ অফিসের প্রধান ফটকের সামনেই সড়কের মাঝামাঝি স্থানে বিপদজনক ভাবে অবস্থিত একটি বিদ্যুতের খুঁটি। ব্যস্ততম এই সড়কে সংশ্লিষ্ট কতৃপক্ষের নাকের ডগায় অবস্থিত এই বিদ্যুতের খুটি প্রতিনিয়ত বিভিন্ন দুর্ঘটনার জন্ম দিচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার ৯ নং ওয়ার্ডের হাইস্কুল রোডে প্রতিদিন শতশত ছাত্রছাত্রীর যাতায়াত। বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান এই এলাকায় আবস্থিত হওয়া্য়, সর্বদাই ছাত্রছাত্রীদের পদচারণায় মুখরিত থাকে এই সড়ক। ফলে যে কোন সময় দুর্ঘটনা ঘটার সম্ভবনা থেকেই যায়।

সড়কটির জন্মলগ্ন থেকেই বিদ্যুতের খুঁটি’টির স্থান হয়েছে সড়কের প্রায় মাঝামাঝি স্থানে। কিন্তু আজ অবধি পাইকগাছা পৌরসভা অথবা পল্লী বিদ্যুৎ অফিস কতৃপক্ষ এই বিদ্যুতের খুঁটি অপসারনের কোন ব্যবস্থা গ্রহন করেনি। এই ব্যাপারে সংশ্লিষ্ট কতৃপক্ষের দায়িত্বজ্ঞানহীন আচরন সমালোচনার যোগ্য।

এই সড়কের নিয়মিত পথচারী সঞ্জিব কুমার মন্ডল বলেন, সড়ক নির্মানের আগে থেকেই বিদ্যুতের খুঁটি‘টি এখানে রয়েছে। কিন্তু আজ অবধি এটি অপসারণ করা হয়নি। এছাড়া বিদ্যুতের খুঁটি‘টির ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে মোঃ মোক্তার হোসেন জানান। জরুরী ভিত্তিতে বিদ্যুতের খুঁটি’টি অপসারণের দাবি জানিয়েছেন তারা।

পাইকগাছা পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার এস এম ইমদাদুল হক জানান, এই বিদ্যুতের খুঁটি অপসারণের দায়িত্ব পল্লী বিদ্যুৎ অফিসের। আশেপাশে জমি না পাওয়াতে এটি এখনও অপসারণ করতে পারেনি পল্লী বিদ্যুৎ কতৃপক্ষ। তবে তিনি বিদ্যুতের খুঁটি’টি অপসারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

এ ব্যাপারে কথা বলতে পল্লী বিদ্যুৎ অফিসে একাধিক বার গেলেও কোন কর্মকর্তা কোন মন্তব্য করতে চাননি।

পাইকগাছায় ছাত্র শিবিরের ২০টি গোপন সিডি উদ্ধার

পাইকগাছায় ছাত্র শিবিরের ২০টি গোপন সিডি উদ্ধার করা হয়েছে। পুলিশ বুধবার সন্ধ্যায় কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের স্থানীয় অফিস থেকে এসব সিডি উদ্ধার করেছে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকায় শিবিরের কেন্দ্রীয় সংগঠন থেকে রুহুল আমিন কাগজীর নামে কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২০টি গোপন সিডি পাঠানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই হারুন অভিযান চালিয়ে উপজেলা সদরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে আবস্থিত কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিসের স্থানীয় অফিস থেকে এসব সিডি উদ্ধার করেছে বলে থানা পুলিশ জানিয়েছে।

পাইকগাছায় বিএনপি জামায়াতের ৯ নেতাকর্মী আটক

পাইকগাছায় পৃথক ঘটনায় বিএনপি জামায়াতের ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে নাশকতার আশংকায় দু’জামায়াত নেতা এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করার সময় ৭ পিকেটারকে আটক করা হয় বলে থানা পুলিশ সুত্র জানায়।

জানা গেছে, বুধবার সকাল ১০ টার দিকে জামায়াতের ডাকা ৩য় দিনের হরতাল ও অবরোধ সমর্থনে পিকেটাররা কপিলমুনি সংলগ্ন মুচির পুকুর নামক স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ৭ পিকেটারকে আটক করে।

অপরদিকে নাশকতার আশংকায় একই সময় হরিঢালীর জামায়াত নেতা অদুদ ও গদাইপুরের জামায়াত নেতা এয়াকুব আলীকে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, আটককৃত ৭ পিকেটারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। বাকি দুই জামায়াত নেতাকে নাশকতার আশংকায় আটক করা হয়েছে।