Thursday, December 19, 2013

গোপালপুর সরঃ প্রাথঃ বিদ্যালয়ের অভিভাবক দিবসের আলোচনা সভা

পাইকগাছার ২৫ নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মিলি জিয়াসমিন’র পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক খায়রুল ইসলাম, প্রকাশ বিশ্বাস, পঙ্কজ রায়, আঃ মজিদ, শিক্ষক সুষমা রাণী মন্ডল, সুলেখা ঘোষ, ইতু বিশ্বাস,ললিতা নাথ, শামছুর নাহার রুমা, রেহেনা আক্তার, রাজু আহমেদ, হফিজুর রহমানসহ অভিভাবকবৃন্দ।

গড়ুইখালীর শান্তায় রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন

পাইকগাছায় অবরোধ সমর্থকরা গড়ুইখালীর শান্তায় মধ্যরাতে রাস্তা কেটে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, সুন্দরবন সংলগ্ন উপজেলার গড়ুইখালী ইউপি’র শান্তায় গত মধ্যরাতে দুর্বৃত্তরা রাস্তা কেটে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, তবে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ব্যাপারে জানতে চাইলে থানার ওসি এম মসিউর রহমান জানিয়েছেন, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত-শিবির কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।

শনিবার ২১তম জাতীয় টিকা দিবস

আগামী শনিবার সারাদেশে ২১তম জাতীয় টিকা দিবস পালন করা হবে। সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব এমএম নিয়াজউদ্দীন সাংবাদিকদের একথা জানান।

তিনি বলেন, ‘শনিবার ২১তম জাতীয় টিকা দিবস পালন করা হবে। ঐদিন ০ থেকে ৫ বছরের নিচে সকল শিশুকে ২ ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে।’

সচিব জানান, ০ থেকে ৫ বছরের শিশু পূর্বে জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে থাকলে বা কেউ না নিয়ে থাকলে প্রত্যেককেই টিকা খাওয়ানো হবে। এমনকি ঐদিন যেসব শিশু জন্মগ্রহণ করবে তাদেরকেও টিকা খাওয়ানো হবে।

নিয়াজউদ্দীন জানান, ২১তম জাতীয় টিকা দিবসে সারাদেশে ১লাখ ৩০ হাজার টিকাদান কেন্দ্রের মাধ্যমে ২কোটি ২০ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানো হবে। নিয়মিত টিকাদান কেন্দ্র ছাড়াও ভ্রমণরত ও ভ্রাম্যমান শিশুদেরকে বাসস্টেশন, লঞ্চ টার্মিনাল, রেলস্টেশনে অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে পোলিও টিকা খাওয়ানো হবে।

টিকা কেন্দ্র সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বলেও জানান সচিব। একটি শিশুও যেন টিকাদান কর্মসূচি থেকে বাদ না যায় উল্লেখ করে সচিব ০ থেকে ৫ বছর বয়সী সকল শিশুর অভিভাবকসহ দেশের সকল সচেতন নাগরিকদের প্রতি কর্মসূচি সফল করার আহ্বান জানান।