Wednesday, January 15, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!! (০২)

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম।

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।

নাশকতার আশংকায় বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন আটক

পাইকগাছা বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করা হয়েছে। নাশকতার আশংকায় মঙ্গলবার বিকালে বাসষ্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, নাশকতার আশংকায় থানার এসআই হারুন মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে বাসষ্ট্যান্ড জামে মসজিদের মোয়াজ্জিন মাওঃ আব্দুল হাইকে আটক করে। নাশকতার আশংকায় তাকে আটক করা হয়েছে বলে ওসি এম মসিউর রহমান জানান।

পাইকগাছায় বিদেশী মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে বিদেশী মদ, ফেনসিডিল ও চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার সদর (দক্ষিণ) সার্কেল কর্মকর্তা মোজাম্মেল হকের নেতৃত্বে মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে পৌর সদরের শিববাটী গ্রামের মনিন্দ্র নাথ মন্ডলের পুত্র সুশান্ত মন্ডলকে ৮ বোতল বিদেশী মদ, ১১ বোতল ফেনসিডিল ও উপজেলার দক্ষিণ কাঠিপাড়া গ্রামের আনসার আলীর পুত্র আক্কাজ আলী মোড়োলকে ৫১০ লিটার চোলাই মদসহ আটক করে।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।