Sunday, March 2, 2014

পাইকগাছায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে আ’লীগ মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান সানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল ইসলাম জানান, প্রার্থীদের নির্বাচন আচারণবিধি পর্যবেক্ষণকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান সানার (তালা) প্রতীকের পোষ্টার গদাইপুর বাজারের বিভিন্ন দোকান ও দেয়ালে লাগানোর অভিযোগ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পাইকগাছায় মৃত মুরগীর মাংস বিক্রির অভিযোগে দু’ভাই জেলহাজতে

পাইকগাছায় মৃত মুরগীর মাংস বিক্রি করার অভিযোগে দায়ের করা মামলায় সহোদর দু’ভাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। অহিদুল গাজী ও মনিরুল গাজী নামের দু’ভাই রোববার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরন করেন।

উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারী মাসে উপজেলার রাড়ুলী ইউনিয়নের আরাজি ভবানীপুর গ্রামের হোসেন আলী গাজীর দু’পুত্র অহিদুল গাজী ও মনিরুল গাজী বাঁকা বাজারে ১৬/১৭টি মৃত মুরগী জবাই করে মাংস বিক্রয়কালে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তাদেরকে হাতেনাতে আটক করেন।

এ ঘটনায় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল বাদী হয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। যার নং- সিআর ৪২/১৪।

পাইকগাছায় ডিগ্রি (পাস) পরীক্ষায় ৫০৬ পরীক্ষার্থীর অংশগ্রহন

পাইকগাছা কেন্দ্রে ৫০৬ জন পরীক্ষার্থী ডিগ্রি (পাস) পরীক্ষায় অংশগ্রহন করেছেন। জাতীয় বিশ্ববিদ্যাললয়ের অধীন ২০১২ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষায় শনিবার ইংরেজী ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 


কয়রার কপোতাক্ষ কলেজ, জোবেদা খানম মহিলা কলেজ, খানসাহেব কোমরউদ্দিন কলেজ এবং পাইকগাছার গড়ুইখালী আয়ুব ও মুসা মেমোরিয়াল কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ এবং কপিলমুনি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করেন বলে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্ মিহির বরণ মন্ডল জানান।