Monday, March 3, 2014

পাইকগাছায় মোটরসাইকেল চুরি

পাইকগাছায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রবিবার দিনগত রাতে গোপালপুর গ্রামের শহীদুল গাজীর পুত্র আল-আমিনের ব্যবহৃত খুলনা-হ-১১-২০৮০ নং লাল রঙের সিটি-১০০ মোটরসাইকেলটি ঘরের তালা ভেঙে চুরি করে পালিয়ে যায়। চুরির আগের দিন মোটরসাইকেলটি সোনাতনকাটি থেকে কেনা হয় বলে আল-আমিন জানান।

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের ইন্দোনেশিয়ায় গমন

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল ইন্দোনেশিয়ায় গমন করেছেন। ইতোমধ্যে তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ১০ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসেবে “ট্রেনিং অন অলটারনেটিভ ফাইনান্সিয়াল ইন প্রাইমারী হেলথ্ কেয়ার” এর উপর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ২৮/০২/২০১৪ হতে ৭ দিনের প্রশিক্ষণ কর্মসূচীতে যোগদান করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, ডাঃ মোঃ আবুল ফজল ২৫/১০/২০০৯ তারিখ হতে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। তার অবর্তমানে গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পালন করছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার দাশ।

Sunday, March 2, 2014

পাইকগাছায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা

পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগে আ’লীগ মনোনিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান সানাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে এ জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ কামরুল ইসলাম জানান, প্রার্থীদের নির্বাচন আচারণবিধি পর্যবেক্ষণকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী মুজিবর রহমান সানার (তালা) প্রতীকের পোষ্টার গদাইপুর বাজারের বিভিন্ন দোকান ও দেয়ালে লাগানোর অভিযোগ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।