Sunday, March 9, 2014

দুর্নীতিকে যাদুঘরে রাখার দৃঢ় শপথ নিয়ে চেয়ারম্যান প্রার্থী’র নির্বাচনী প্রচারণা

ক্ষুধা, দারিদ্রমুক্ত উপজেলা গড়া ও দুর্নীতিকে যাদুঘরে রাখার দৃঢ় শপথ নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাস্তব প্রতিষ্ঠাকরণ পার্টির (স্বঘোষিত) প্রতিষ্ঠাতা সভাপতি কবি জিএম আবদার রশীদ রবি। 

তিনি প্রতিদ্বন্দ্বী ৬ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নিজেকে কবি, লেখক, নৃ-বিজ্ঞানি, ডাক্তার, সাংবাদিক, আইনপ্রনেতা, বিশ্বরত্ম, দেশরত্ম, ভেটেনারী, সার্ভেয়ার, টাইপিষ্ট, কম্পিউটার প্রশিণপ্রাপ্তসহ অসংখ্য গুনে গুণান্বিত ও নিজেকে যোগ্য প্রার্থী দাবী করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে (চিংড়ী মাছ) প্রতীকে ভোট প্রার্থনা করছেন।

উল্লেখ্য, চলতি উপজেলা নির্বাচনে অন্য সকল প্রার্থীর প্রচার-প্রচারণাসহ নির্বাচনী কাজে কর্মী সমর্থকদের সহায়তা থাকলেও কবি আবদার রশীদ নিজেই নিজের কর্মী, নিজেই প্রচারম্যান। এমনকি নিজের প্রতীকের পোষ্টারগুলো নিজেই বিভিন্ন স্থানে টাঙ্গিয়ে দিচ্ছেন। তিনি যখনই কোথায় পোষ্টার লাগাচ্ছেন অথবা কোথাও বক্তব্য দিচ্ছেন তখন তার বক্তব্য শোনার জন্য উৎসুক জনতা সেখানেই ভীড় জমাচ্ছে।

সবমিলিয়েই প্রতিদ্বন্দ্বী এ প্রার্থী নির্বাচনী এলাকার মানুষের আনন্দের খোরাক হয়ে দাড়িয়েছেন।

পাইকগাছায় পরিত্যক্ত অবস্থায় হাতবোমা ও বন্দুকের কার্তুজ উদ্ধার

পাইকগাছায় পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ৪টি হাতবোমা ও বন্দুকের ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।

থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে হরিঢালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বজলুর রহমান উপজেলার উত্তর সলুয়া গ্রামের মৃত আলীমুদ্দিন সরদারের পুত্র আব্দুস সামাদ ওরফে নেজমত সরদারের বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ীর পিছনে কবুতরের খুপড়ী থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি হাতবোমা ও বন্দুকের ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় আব্দুস সামাদের পুত্র আব্দুল হালিমকে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয় বলে এলাকাবাসী জানিয়েছে।

এ ব্যাপারে এস.আই বজলুর রহমান জানান, উদ্ধারকৃত ৪টি ককটেল ও বন্দুকের কার্তুজ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রতিপক্ষের কেউ কাউকে ফাঁসানোর জন্য এ ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কয়রায় গ্রাজুয়েটস স্কুলে দুর্ধর্ষ চুরি; মালামালসহ ২ চোর আটক

কয়রা উপজেলার গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে চুরি হওয়া মালামাল উদ্ধার’সহ ২ চোরকে আটক করেছে কয়রা থানা পুলিশ। আটককৃতরা হলেন মদিনাবাদ গ্রামের ইস্রাফিল (২৭) ও শিমলার আইট গ্রামের রবিউল (২৬)।
 
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার গভীর রাতে বিদ্যালয়টির প্রধান শিক্ষকের কক্ষের তালা ভেঙে চোরেরা বিদ্যালয়টির শিক্ষার্থীদের ব্যবহৃত কম্পিউটার সরঞ্জামাদি’সহ বিভিন্ন মালামাল চুরি হয়। 

শনিবার সকালে বিষয়টি স্কুল কর্তৃপক্ষ কয়রা থানায় অবহিত করলে কয়রা থানার এস.আই ফেরদৌস ও এস.আই ইন্দ্রজিৎ’এর নেতৃত্বে পুলিশ ২ ঘণ্টার ব্যবধানে ১নং কয়রা এলাকার আবুল কাশেমের বসত বাড়ীর একটি পরিত্যক্ত ঘর থেকে মালামাল সহ চোর ইস্রাফিলকে আটকের পর তার স্বীকারক্তি মোতাবেক চোর রবিউলকেও আটক করে। আটককৃতদের জেল-হাজতে প্রেরণ করা করেছে।

শনিবার বেলা ১১ টায় উদ্ধারকৃত কম্পিউটার সরঞ্জামাদি’সহ মালামালগুলো কয়রা থানার ওসি সুবীর দত্ত গ্রাজুয়েটস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মন্ডলের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউ.পি. সদস্য মোঃ আব্দুস সামাদ মোল্লা ও স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ’সহ সাংবাদিকগণ।