Thursday, March 20, 2014

ভারপ্রাপ্তের ভারে ভারাক্রান্ত পাইকগাছার দু’দপ্তরে পদায়ন

খুলনা-৬ আসনের এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক ক্ষমতা গ্রহনের পর হতে ভারপ্রাপ্তমুক্ত হতে শুরু করেছে পাইকগাছা উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর। ইতোমধ্যে গত একমাসে সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পদে সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগদান করায় দীর্ঘদিন পর ভারপ্রাপ্ত মুক্ত হয়েছে গুরুত্বপূর্ণ এ দু’টি দপ্তর।

উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর হতে গত টানা ৫ বছর সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে আসছিলেন। অপরদিকে প্রায় গত ৪ বছর যাবৎ সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় উপজেলা নির্বাহী অফিসারগণ গুরুত্বপূর্ণ এ পদটিতে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন। ফলে গুরুত্বপূর্ণ এ দু’টি দপ্তরের পদ দীর্ঘদিন শূন্য থাকায় মারাত্মকভাবে ব্যাহত হয় সংশ্লিষ্ট দপ্তরের কার্যক্রম। চরম ভোগান্তি পেতে হয় সাধারণ মানুষকে।

অবশেষে চলতি বছর ৫ জানুয়ারী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে এ্যাড. শেখ মোঃ নূরুল হক সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গত ২৩ ফেব্রুয়ারী সহকারী কমিশনার (ভূমি) হিসাবে যোগদান করেন মোহাম্মদ কামরুল ইসলাম। এর আগে ১৮ ফেব্রুয়ারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসাবে যোগদান করেছেন এএসএম রাসেল।

দীর্ঘদিন পর হলেও গুরুত্বপূর্ণ এ দপ্তর দুইটি ভারপ্রাপ্ত মুক্ত হওয়ায় একদিকে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে সংশ্লিষ্ট দপ্তরে, অপরদিকে কাঙ্খিত সেবা পেতে শুরু করেছে সাধারণ মানুষ। এ দু’টি দপ্তরের মত যেসব দপ্তর ও প্রতিষ্ঠান এখনও পর্যন্ত ভারপ্রাপ্ত ও চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে চলছে সেসব প্রতিষ্ঠানগুলোর শূন্যপদ পূরণে স্থানীয় এমপি’র হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এমপি ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাত

পাইকগাছায় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও জেলা বিএনপি’র উপদেষ্ঠা এ্যাড. স.ম বাবর আলী। তিনি বুধবার সন্ধ্যায় এমপি’র পৌরসভাস্থ নিজস্ব বাসভবনে এ সাক্ষাত করেন। এলাকার উন্নয়ন নিয়ে দু'নেতা প্রায় ঘন্টাব্যাপী মতবিনিময় করেন। 


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মলঙ্গী, পৌর সভাপতি অবঃ অধ্যক্ষ লুৎফর রহমান, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, শেখ কামরুল হাসান টিপু, অবঃ অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, শেখ সেলিম, বিএনপি নেতা হারুন গোলদার, ছাত্রনেতা দিপংকর মন্ডল, আল ইদ্রিস, শেখ তুহিন, আসিফ ইকবল রনি।।

পাইকগাছা থানার হত্যা মামলার আসামী ডুমুরিয়ায় গ্রেফতার

ডুমুরিয়া থানা পুলিশ বুধবার সকালে পাইকগাছা থানার একটি হত্যা মামলার পলাতক আসামী বক্কার ওরফে আবু বক্কার’কে (৪৮) গ্রেফতার করেছে।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে থানার এ এসআই নিয়াজ মাহমুদ সঙ্গীয় ফোস নিয়ে বুধবার সকাল ১০টায় উপজেলার খর্নিয়া বাজারের সোনাতনের চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করেন।

সে উপজেলার রানাই গ্রামের মৃত রহিম হাওলাদারের ছেলে বক্কার ওরফে আবু বক্কার। তার বিরুদ্ধে পাইকগাছা থানায় হত্যা মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক ছিল।