Tuesday, July 7, 2015

পাইকগাছায় প্রতারণার শিকার প্রাইভেট শিক্ষক

ফ্লাট বাড়ি পাওয়ার লোভে খোয়ালেন প্রায় অর্ধলাখ টাকা


পাইকগাছার আগরঘাটা বাজারে বিরাশী গ্রামের আফসার সরদারের পুত্র প্রাইভেট শিক্ষক মিন্নাত সরদার ঢাকায় ফ্লাট বাড়ি পেয়েছে মোবাইলে এ খবর পেয়ে বিকাশ এর মাধ্যমে ৪৭ হাজার ৩০০ টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছেন। 

জানা যায়, ঢাকার একটি মোবাইল থেকে মিন্নাতকে বলা হয়, যে প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় আমাদের গ্রামীণ ফোনের কাষ্টমার অফিসের লটারিতে আছেন। আপনার মোবাইল নাম্বারটিতে আপনি ৪র্থ তলা সহ একটি ফ্লাট বাড়ি পেয়েছেন। এক্ষণি আপনি ৭০০ টাকা পাঠিয়ে দিন, আবেদন করতে হবে। এর পর পর্যায়ক্রমে মিন্নাতের কাছ থেকে ৪৭ হাজার ৩০০ টাকা নেয় প্রতারকরা। 

টাকা খুয়ে এখন পাগল প্রায় প্রাইভেট শিক্ষক মিন্নাত, এ ব্যাপারে এলাকাবাসীসহ সকলকে সচেতন হতে বলেন।

শিববাটী ব্রীজ ও জিরো পয়েটস্থ ট্রাক স্ট্যান্ডে অবৈধ টোল আদায়

ইজারাদারের বিরুদ্ধে ভ্যান চালকদের লিখিত অভিযোগ


পাইকগাছার বহুল প্রত্যাশিত শিববাটী ব্রীজ ও জিরো পয়েটস্থ ট্রাক স্ট্যান্ডে ভ্যান গাড়ী থেকে অবৈধ টোল আদায়ের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে হতদরিদ্র ভ্যান চালকরা পাইকগাছা থানার ওসি বরাবর লিখিত অভিযোগ করেছেন। 

প্রাপ্ত অভিযোগে জানা গেছে, পার্শ্ববর্তী কয়রা ও সাতক্ষীরার সীমান্তবর্তী উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন পৌর সদরের জিরো পয়েন্ট হয়ে শিববাটী ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে থাকে। ভ্যান চালিয়ে এলাকার সিংহভাগ হতদরিদ্র মানুষের জীবিকা নির্বাহ হয়ে থাকে। 

ফাইল ফটো
এদিকে এলাকার প্রভাবশালী ঠিকাদার মিনারুল ইসলাম বর্তমানে শিববাটী ব্রীজ ও জিরো পয়েটস্থ ট্রাক স্ট্যান্ড থেকে ট্রাক, বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল, নসিমনসহ বিভিন্ন যানবাহন থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা টোল আদায় করছে। এমনকি টোলের আওতামুক্ত হতদরিদ্র ভ্যানচালকদের কাছ থেকে ১০ টাকা হারে জোরপূর্বক টোলের টাকা আদায় করছে। 

এর প্রতিবাদে ইতোপূর্বে নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এমনকি জনস্বার্থ বিবেচনা করে বর্তমান এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক ব্রীজের অপ্রত্যাশিত টোল প্রত্যাহারের দাবীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বরাবর ডিও লেটারও দিয়েছেন। এত কিছুর পরও কোন কিছুতে তোয়াক্কা না করে প্রতিদিন অবৈধভাবে প্রভাবশালী ইজারাদারের লোকজন অবৈধ টোল আদায় করে চলেছে। সর্বশেষ গত সোমবার এলাকার হতদরিদ্র ভ্যান চালকরা পাইকগাছা থানার ওসি বরাবর ইজারাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। 

এ ব্যাপারে ইজারাদার মিনারুল ইসলাম জানান, সাধারণ কোন ভ্যান থেকে টোল আদায় করা হয় না। যে সকল ভ্যান যন্ত্রচালিত শুধুমাত্র তাদের কাছ থেকে নির্ধারিত টোল আদায় করা হয়। 

উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক দাউদ শরীফ বলেন, এলাকার অসংখ্য লোক আমার কাছে অবৈধ টোল আদায়ের অভিযোগ করলে বিষয়টি আমি মাসিক আইনশৃংখলা সভায় উপস্থাপন করি।

পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, অপ্রত্যাশিত ও অবৈধ টোল আদায়ের প্রতিবাদে ইতোপূর্বে ব্যাপক আন্দোলন করার পরও ইজারাদাররা প্রভাবশালী হওয়ায় আজও অবৈধ টোল আদায় বন্ধ হয়নি। 

জিরো পয়েটস্থ ট্রাক স্ট্যান্ডে অবৈধ টোল আদায়ের বিষয়টি খতিয়ে দেখবেন বলে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান। 

এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি আশরাফ হোসেন জানান।

Sunday, July 5, 2015

পাইকগাছায় ৩ দিনে নারী ও শিশুসহ ৯ জনের আত্মহত্যার চেষ্টা

জীবন কি এতই মূল্যহীন ????


পাইকগাছায় বিষ ও বিষ জাতীয় দ্রব্য পান করে ৩ দিনে নারী ও শিশুসহ ৯ জন আত্মহত্যার চেষ্টা করেছে। অসুস্থ্য একজনকে উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর কয়েকজন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে চিকিৎসাধীন রয়েছে।

জানা গেছে, পারিবারিক কলহ ও পরিবারের উপর অভিমান করে গত শনিবার পাইকগাছা উপজেলার দেবদুয়ার গ্রামের সালাম গাজীর শিশুকন্যা ফাতেমা খাতুন (১৬), লস্কর গ্রামের আতিয়ার গাজীর মেয়ে খুশি (১৪), ঘোষাল গ্রামের দিলিপ কুমারের স্ত্রী বন্দনা সরকার (২০), ফতেপুর গ্রামের মতলেব মোড়লের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) ও গোপালপুর গ্রামের গোলাম রব্বানীর স্ত্রী ঝুমুর বেগম (১৮) আত্মহত্যার চেষ্টা করে। 

এর আগে শুক্রবার চাঁদখালী গ্রামের সালাম গাজীর ছেলে আরিফ গাজী (২৫), বৃহস্পতিবার শ্যামনগর গ্রামের ইয়াছিন মোড়লের স্ত্রী রাবেয়া বেগম (১৯) ও বুধবার শ্রীধরপুর গ্রামের ফারুক হাসানের ছেলে সাঊদ হাসান (৩৪), বান্দিকাটি গ্রামের কওসার গাজীর মেয়ে সোনিয়া (১৮) বিষ ও বিষ জাতীয় দ্রব্য পান করে আত্মহত্যার চেষ্টা করে।

পরে তাদেরকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করলে আশংকাজনক আরিফ গাজীকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে চিকিৎসাধীন সকলে আশংকামুক্ত বলে জানিয়েছেন কর্তব্যরত ডাক্তার আবাসিক মেডিকেল অফিসার সিকদার সফিকুল ইসলাম। 

আত্মহত্যা কোন প্রতিবাদ নয়, অপরাধ 

আত্মহত্যা মহাপাপ, একই সাথে কাপুরুষত্বের বহিঃপ্রকাশ